পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যাওয়ার আগে মূল্যবান স্বর্ণালঙ্কার ও টাকা-পয়সা আত্মীয়-স্বজনদের বাড়িতে রেখে যেতে নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন । বুধবার, ১৯ এপ্রিল দুপুরে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরে ফেরা মানুষের ঈদযাত্রা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অনুরোধ জানান।
আইজিপি বলেন, ঈদে ফাঁকা ঢাকায় অপরাধীরা অপরাধ সংগঠনের চেষ্টা করে। অনেক সময় নাগরিকরা তাদের মূল্যবান স্বর্ণালঙ্কার ও টাকা-পয়সা ঘরে রেখে দরজা তালা মেরে চলে যান। এই সুযোগে অপরাধীরা খবর পেয়ে অপরাধ সংগঠনের চেষ্টা করে থাকেন। এ জন্য মূল্যবান সামগ্রী আস্থাভাজন আত্মীয়-স্বজনের কাছে রেখে যাবেন।
একইসঙ্গে কলকারখানা বা শিল্প প্রতিষ্ঠানে নিরাপত্তা নিজ নিজ ব্যবস্থাপনায় করে যাওয়ারও অনুরোধ জানান তিনি।
আইজিপি বলেন, আমরা ইতোমধ্যে নৌ টার্মিনাল ভিজিট করেছি। লঞ্চের যাত্রীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, এখনো ঘরে ফেরা মানুষের ভিড় বা চাপ পুরোমাত্রায় শুরু হয়নি। পদ্মা সেতু হওয়ার কারণে নৌপথে চাপ একটু কমেছে। তারপরও এই চাপ আরও বাড়বে।
তিনি বলেন, যাত্রীদের নিরাপত্তা দেওয়ার জন্য পর্যাপ্ত নৌ পুলিশ মোতায়েন করা হয়েছে। যাত্রাপথেও নৌ পুলিশ মোতায়েন থাকবে। একইসঙ্গে ঈদের আগে ও পড়ে মোট ১১ দিন বাল্কহেডগুলো চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিভিন্ন স্থানে ম্যাজিস্ট্রেট মোতায়েন থাকবেন। আশা করছি, সম্মানিত যাত্রীরা নিরাপদে ঘরে ফিরতে পারবেন। এ ছাড়া যাত্রীদের যাত্রা সুখকর করার পাশাপাশি নিরাপদ করার জন্য নৌ পুলিশ আপনাদের পাশে রয়েছে।
আইজিপি বলেন, সারা দেশে নিরাপত্তার জন্য হাইওয়ে, রেলওয়ে নিরাপত্তার জন্য ঢাকা মহানগর পুলিশ, জেলা পুলিশসহ সবাই মিলে একযোগে দায়িত্ব পালন করছি। দায়িত্ব পালনে ঢাকা মহানগরের সব ফোর্সের প্রতিনিধিরা আছেন।
তিনি বলেন, ঈদে আমাদের নাগরিকরা দেশের বিভিন্ন স্থানে যাবেন। বিশেষ করে বিভিন্ন ট্যুরিস্ট স্পষ্টেও আমাদের ট্যুরিস্ট পুলিশ মোতায়েন থাকবে। আমরা সব নাগরিক ও যাত্রী সাধারণকে অনুরোধ করবো রাস্তায় অপরিচিত কারো কাছ থেকে কোনো কিছু খাবেন না। নিজের সতর্কতা নিজে অবলম্বন করবেন। আমরা আপনাদের পাশে আছি। কোনো ধরনের সমস্যা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন।
বিজনেস বাংলাদেশ/ হাবিব

























