বিজনেস বাংলাদেশ/ হাবিব
আগামী ১৪ মে বিশ্ব মা দিবস। বিশ্ব মা দিবস উপলক্ষ্যেই এবার নতুন একটি বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করলেন দর্শকপ্রিয় মডেল ও অভিনেত্রী বীথি রানী সরকার। গতকাল দিনব্যাপী রাজধানীর মিরপুরে ধ্রুবৎর নির্দেশনায় একটি (সেনোরার ) বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। তার সাথে সহশিল্পী হিসেবে আছে সাফা মারওয়া। বিজ্ঞাপনটিতে কাজ করা প্রসঙ্গে বীথি রানী সরকার বলেন,‘ ঈদের আগে বিজ্ঞাপনে কাজ করেছি। ঈদের পর এটা আমার নতুন কাজ। এটা সত্যি যে বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতে আমার ভীষণ ভালোলাগে। কারণ বিজ্ঞাপন দিয়েই আমার দেশব্যাপী পরিচিতি। এই বিজ্ঞাপনটির গল্প মা আর সন্তানদেরকে ঘিরে। গল্পটা দারুণ। যে কারণে কাজ করতে ভালোলেগেছে।

আর যেহেতু এটা মা দিবস উপলক্ষ্যে বিজ্ঞাপন সে কারণে কাজ করতে আরো বেশি ভালোলেগেছে। আশা করছি বিজ্ঞাপনটি প্রচারে এলে ভালোলাগবে সবার।’ বীথি রানী সরকার জানান, এটি শুধুমাত্র অনলাইনে প্রচারের জন্যই নির্মিত হয়েছে। এদিকে ঈদে মাবরুর রশীদ বান্নাহর নির্দেশনায় একটি নাটকে অভিনয় করেছিলেন বীথি। এর আগে চঞ্চল চৌধুরীর সঙ্গে প্রথমবার বসুন্ধরা টিস্যু’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন বীথি। এটি নির্মাণ করেছিলেন হাসান মোরশেদ। চঞ্চলের সঙ্গে কাজ করে বেশ উচ্ছসিত ছিলেন বীথি। অমিতাভ রেজার নির্দেশনায় গ্রামীন ফোনের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে আলোচনায় আসেন বীথি। সিনেমাতে অভিনয় করেও দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি।
তার অভিনীত সিনেমার মধ্যে উল্লেখযোগ্য হলো দেলোয়ার জাহান ঝন্টুর ‘হেডমাস্টার’, হাসিবুর রেজা কল্লোলের ‘সত্ত্বা’, আঁকা রেজা গালিবের ‘কালের পুতুল’, শিমুলের ‘হরিজুপিয়া’, গোলাম মোস্তফা শিমুলের ‘কারণ তোমায় ভালোবাসি’ , ড্যানি সিডাকের ‘কাসের থালায় রূপালী চাঁদ’ ইত্যাদি।
















