দেশের সার্বিক ডায়রিয়া পরিস্থিতি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম ডায়রিয়া প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
তিনি বলেন, ‘সব সরকারি হাসপাতালে ডায়রিয়া রোগীদের সেবা দেওয়ার জন্য চিকিৎসক ও নার্স প্রস্তুত রয়েছে এবং পর্যাপ্ত ওষুধ ও স্যালাইন মজুদ আছে।’
আজ বৃহস্পতিবার সচিবালয়ে দেশের সার্বিক ডায়রিয়া পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে তিনি এ কথা বলেন।
সভায় জানানো হয়, এ বছর অন্যান্য বছরের তুলনায় দেশে এখনো ডায়রিয়ার প্রকোপ কম। তবে ঢাকা বিভাগে ডায়রিয়া রোগীর হার বেশি।
এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নগরায়নের ফলে নদী বা জলাশয়ের পানি দূষিত হচ্ছে। ফলে পানিবাহিত ডায়রিয়ার আশঙ্কা বাড়ছে। অন্যদিকে উন্মুক্ত স্থানে খাবার গ্রহণও এই রোগের অন্যতম কারণ।
তিনি সাধারণ মানুষকে পানি ফুটিয়ে খেতে এবং খাবার খাওয়ার আগে হাত ধোয়াসহ সকল সতর্কতামূলক প্রতিরোধ ব্যবস্থা গ্রহণে উদ্ধুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।
মন্ত্রী তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যকর্মীদেরসহ জেলা ও বিভাগীয় পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদেরকে সচেতনতামূলক কার্যক্রম জোরদারে এগিয়ে আসার নির্দেশ দেন।
উক্ত সভায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সিরাজুল হক খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, আইসিডিডিআরবি, সিটি কর্পোরেশন এবং ওয়াসার ঊর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।





















