সঠিক নিয়মে হজ পালনে প্রশিক্ষণের জন্য সরকারকে তিনশ টাকা করে দিচ্ছেন হজযাত্রীরা। গত ৭ বছরে ধর্ম মন্ত্রণালয়ে জমা পড়েছে ২১ কোটি টাকা। কিন্তু প্রশিক্ষণ ক্যাম্প হয়নি একবারও। এতে সৌদি আরবে গিয়ে নানা জটিলতায় পড়ছেন মুসল্লিরা। তাই প্রশিক্ষণ খুবই জরুরী। তবে হাবের মহাসচিব বিজনেস বাংলাদেশকে বলছেন, ধর্ম মন্ত্রণালয় এখন হজ প্রশিক্ষণের বিষয়ে উদ্যোগী হয়েছে। অতীতে যাই হোক না কেন এবার প্রশিক্ষণ ক্যাম্প হবেই বলছেন হজ অফিসের পরিচালক। তবে রমজানেই এর শুরু কথা থাকলেও এখনও ঠিক হয়নি সময়সূচি ও ভেন্যু। ২০১৭ সালে মাকে নিয়ে বেসরকারিভাবে হজ করেন নাজমুল হক।

তবে ফরজ-ওয়াজিবসহ অনেক বিষয়ই বুঝতে অসুবিধা হয়েছে তার। এসব বিষয়ে প্রশিক্ষণের জন্য ২০১১ সাল থেকে তিনশ টাকা করে দিচ্ছেন হজযাত্রীরা। কিন্তু প্রশিক্ষণ দূরের কথা এসবের কিছুই জানেন না তারা। নাজমুল হক বিজনেস বাংলাদেশকে বলেছেন, হজ পালনের জন্য প্রশিক্ষণ দিলে বিষয়টি ভালো হতো, তবে এই ধরনের কোনো কিছুই জানা নেই আমার। শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, হয়তো হাজিরা জানেনও না যে কোন কোন বিষয়ের ওপরে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়। হজযাত্রী ও হাজী কল্যাণ সমিতি বলছে, গত সাত বছরে হজ করেছেন অন্তত ৭ লাখ মুসল্লি। সেই হিসাবে মন্ত্রণালয়ে ২১ কোটি টাকা জমা পড়লেও কখনই হয়নি প্রশিক্ষণ ক্যাম্প।
হাবের মহাসচিব শাহাদাত হোসাইন বিজনেস বাংলাদেশকে বলেছেন, হজ যাত্রীদের প্রশিক্ষণ বাবদ টাকা গ্রহণ করা হয় কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয় না। বিষয়টি ছিল গত বছর থেকে তার আগের দিকের কথা। তবে আমাদের দাবির পরিপ্রেক্ষিতে ধর্মমন্ত্রণালয় এখন হজ প্রশিক্ষণের বিষয়ে উদ্যোগী হয়েছে। হজযাত্রী ও হাজী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল্লাহ আল নাসের বিজনেস বাংলাদেশকে বলেছেন, হজে যদি ফরজ-ওয়াজীবের যে কোনো একটি বিষয় সরে যায় তাহলে হজ হবে না। সেক্ষেত্রে হজযাত্রীদের জন্য হজ প্রশিক্ষণ খুবই জরুরী। হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম বিজনেস বাংলাদেশকে বলেছেন, এবার সকল হজযাত্রীরাই প্রশিক্ষণ পাবেন।
ঢাকায় যে সকল হজযাত্রীরা আছেন তাদের জন্য হজ অফিস ঢাকায় যে কনফারেন্স রোম আছে এখানে প্রশিক্ষণ হচ্ছে দিন ব্যাপী। আর বিভিন্ন জেলা থেকে যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের জেলাতেও প্রশিক্ষণ হবে। এবছর বাংলাদেশ থেকে হজে যাচ্ছেন এক লাখ ২৭ হাজার ১৯৮ মুসল্লি। এজেন্সিগুলো এখন ব্যস্ত বাড়ি ভাড়ার কাজে। সে কারণেই দুই মাসের মধ্যে এতো বেশি সংখ্যার হজযাত্রী প্রশিক্ষণ সম্ভব নয় বলে দাবি, হজযাত্রী ও হাজী কল্যাণ সমিতির।





















