প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, ২০৪১ সালের মধ্যে দেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে সরকার শিক্ষা ব্যবস্থায় বৈচিত্র্য আনার ওপর গুরুত্বারোপ করেছে।
তিনি বলেন, ‘আমাদের দরকার স্মার্ট দক্ষ জনশক্তি, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ। আমরা বাংলাদেশকে এভাবেই গড়ে তুলতে চাই। এজন্য সর্বাধিক প্রয়োজন শিক্ষা ব্যবস্থায় বৈচিত্র্য আনা।
তিনি শনিবার গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে গোয়াইনঘাট শিক্ষা ফাউন্ডেশন কতৃক আয়োজিত জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও প্রাথমিক বৃত্তি পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী এবং গোয়াইনঘাট শিক্ষা ফাউন্ডেশন কতৃক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী ইমরান শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং চতুর্থ শিল্প বিপ্লবের অংশীদার হওয়ার জন্য প্রস্তুত থাকতে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জনের জন্য তাদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, গোয়াইনঘাট উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, গোয়াইনঘাট থানার ওসি কে. এম নজরুল ইসলাম, সিলেট জেলা পরিষদ সদস্য সুবাস দাস, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, সাংগঠনিক সম্পাদক এস কামরুল হাসান আমিরুল।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, লোকমান হোসেন শিকদার, মোঃ মিনহাজ উদ্দিন, গোয়াইনঘাট মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক আব্দুল মুমিন, প্রাথমিক শিক্ষদের মধ্যে তাজ উদ্দিন, বারহাল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নেছার আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোয়াইনঘাট শিক্ষা ফাউন্ডেশনের সদস্য সচিব ও গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম।
উল্লেখ্য ৫ম ও ৮ম শ্রেনীতে বৃত্তি পরিক্ষায় উত্তীর্ণ ৮০ জন শিক্ষার্থীদের প্রত্যককে নগদ ১০ হাজার টাকা ও সার্টিফিকেট দেয়া হয়। এছাড়া ৫ম ও ৮ম শ্রেনীর ৬ জন শিক্ষার্থীকে ২০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়।




















