দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, লোহাগাড়া উপজেলার বার আউলিয়া কলেজে এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (৮ অক্টোবর) সকালে কলেজের হল রুমে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ফয়েজ উল্লাহ চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক, অত্র কলেজ গভর্ণিং বডির সভাপতি মুহাম্মদ আমিনুল ইসলাম আমিন।
কলেজের প্রভাষক, সরওয়ার কামাল ও পারভীন আকতারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বার আউলিয়া কলেজের সহকারী অধ্যাপক শরফুল কবির, সহকারী অধ্যাপক স্বপন মজুমদার, এমএ মাসুম প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষক, শিক্ষিকাবৃন্দ বক্তব্য রাখেন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বার আউলিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ আরিফুর ইসলাম, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুহাম্মদ ইমন,নবীন শিক্ষার্থী মিসকাতুল জান্নাত।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, দপ্তর সম্পাদক তৈয়বুল হক বেদার, প্রচার সম্পাদক সাংবাদিক আবুল কালাম আজাদ, উপ-দপ্তর সম্পাদক এম.এস মামুন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজিজুর রহমান, সাতকানিয়া উপজেলা ছাত্র লীগের সাবেক আহবায়ক এসএম আজিজ সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মেধাবী ছাত্র-ছাত্রী হতে হলে প্রেত্যেকের মনের মধ্যে আগ্রহ থাকতে হবে। নিজের মধ্যে আগ্রহ না থাকলে অভিভাবক বলেন, শিক্ষক বলেন, কেউ কোনভাবেই উপরে উঠিয়ে দিতে পারবেনা। তাই পড়াশোনায় মনযোগ দিতে হবে। প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে হবে। যারা দিনের কাজ দিনে করতে পেরেছে তারা সবাই সাফল্য পেয়েছে। শিক্ষা জীবনে অনেক প্রতিবন্ধকতা আসতে পারে, এগুলো অতিক্রম করে এগিয়ে যেতে হবে। কষ্ট করলে সাফল্য আসবেই। আগ্রহ ছিল বলেই লোহাগাড়ার ছেলে সাজ্জাদ বিসিএস পরীক্ষায় সারা বাংলাদেশে প্রথম হয়েছে। তিনি আরো বলেন, গাছ যেমন রোপণ করলে লালন পালন করতে হয়, ঠিক সেভাবেই তোমাদেরকে তোমাদের ভবিষ্যতকে লালন পালন করতে হবে। শিক্ষক, শিক্ষিকা ও সিনিয়রদের প্রতি শ্রদ্ধা ভালবাসা থাকতে হবে। স্মার্ট বাংলাদেশ মানে ২০৪১ সালের মধ্যে এ দেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাওয়া। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামীর স্মার্ট বাংলাদেশে নেতৃত্ব দিতে পারবে।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা।




















