কুষ্টিয়া সদর উপজেলার দূর্বাচারায় পূর্বশত্রুতার জের ধরে এনামুল ও ইবাদত মোল্লার বসবাড়ীতে আগুন লাগিয়ে ঘরবাড়ী পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা। এতে বসত ঘরসহ ৩টা ঘর, খাট পালঙ্গ, টিভি ফ্রিজসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এই অগ্নি কান্ডের ফলে প্রায় ৪/৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেছে ক্ষতিগ্রস্থ ২টি পরিবার।
মঙ্গলবার রাত আনুমানিক আড়াইটার দিকে উজানগ্রাম ইউনিয়নের দূর্বাচারা বাজার পাড়ায় এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। বুধবার সকালে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানা পুলিশের এ এসপি সার্কেল আব্দুল খালেক ও ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আন্নুর জায়েদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনাস্থল থেকে পেট্রোলের ২টা খালি বোতল উদ্ধার করে নিয়ে যায়। এলাকার পরিস্থিতি শান্ত রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনা এলাকায় দেখতে গেলে ক্ষতিগ্রস্থ মানুষদের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠে। ঘরবাড়ী পুরে ছাই হয়ে গেছে। এ দৃশ্য দেখার মত নয়।
ক্ষতিগ্রস্থ এনামুল মোল্লা বলেন, উজানগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান সানোয়ার মোল্লার সাথে এলাকায় সমাজ ও দলবাজী করতেন তারা দুই ভাই। এক পর্য্যায় চেয়ারম্যানের কার্যক্রম সুবিধা না হওয়ায় তারা চেয়ারম্যানের সাথে সমাজ বা দলবাজী ছেড়ে দিয়ে বাড়ীর পাশের লোকজনের সাথে গ্রাম্য সমাজ চালু করেন। এতে চেয়ারম্যান সানোয়ার ও সাবেক চেয়ারম্যানের ভাই লাবলু বিশ্বাস একত্রিত হয়ে ক্ষিপ্ত হয়ে উঠে। শুরু করে এনামুল ও ইবাদত মোল্লার উপর নির্মম অত্যাচার। মাঠের ফসল কেটে নেয়া, লুটপাট ও মারপীট অব্যাহত রাখে। এরই জের ধরে মঙ্গলবার রাতে ওই চেয়ারম্যান গ্রæপের রাহাত আলীর ছেলে আব্দুল্লা ও হোসেন আলী, রেন্টুর ছেলে রাকিব তারার ছেলে সিহাবসহ ১৫/২০ জন সংঘবদ্ধ ভাবে এসে ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে ঘরবাড়ী পুড়িয়ে দেয়।
বাড়ীর পাশের সাইফুল বলেন, আজ ৩/৪ মাস ধরে চেয়ারম্যান বাহিনীর অত্যাচারে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। তাদের সাথে দল না করলে তারা শুরু করছে মারপীট লুটপাট। চেয়ারম্যান সানোয়ার মোল্লা আওয়ামীলীগের ইউনিয়ন সভাপতি। তিনি বলেন আমরাও আওয়ামীলীগ করি। তার পরেও তার কাছ থেকে রক্ষা পাচ্ছিনা। এলাকার মানুষ প্রতিবাদ করতে গেলে নির্যাতনের স্বীকার হতে হচ্ছে। আমরা এখন মাহাবুব উল আলম হানিফ এমপির সাহায্য চায়। তিনিই পারেন এলাকার শান্তি ফিরিয়ে আনতে।
ইবি থানার ওসি আন্নুর জায়েদ বলেন, ঘটনা সত্য। আমরা তদন্ত করছি। তা ছাড়া এখনো লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করবো।
বিজনেস বাংলাদেশ/একে



















