ফেসবুক লাইভে এসে নিজ বুকে এক পুলিশ সদস্য গুলি করার ঘটনা ঘটেছে রাঙ্গামাটিতে। শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কাউখালী উপজেলার বেতবুনিয়া টিএন্ডটি পুলিশ ক্যাম্পের ব্যারাকে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ক্যাম্পটির ইনচার্জ এসআই কুতুব উদ্দিন।
নিজের বুকে গুলি করা পুলিশ সদস্য মাে. মােতাহার হােসেন। তিনি খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার মধ্যম মনাপাড়া এলাকার মৃত শীষ মােহাম্মদ এর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, জাহিদ সরকার নামের একটি ফেসবুক আইডি থেকে লাইভ চলাকালীন সময় নিজর বুকে রাইফেল ঠেকিয়ে গুলি করে এ পুলিশ সদস্য। এসময় রুমের দরজা বন্ধ করে রাখে সে। পরবর্তীতে অন্যান্য পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানাে হয়।
সূত্রে আরও জানা যায়, ১৯ মিনিটি ৩৫ সেকেন্ড ফেসবুক লাইভে মােতাহার বলেন “আমার লাইফে প্রচুর পরিমান ডিপ্রেশন রয়ে গেছে। তাই বেঁচে থাকার মত আশা হারিয়ে ফেলেছি। আমি যে ডিপ্রেশনে আছি এ ডিপ্রেশন থাকার মত না। বহুত বড় সমস্যায় আছি। বাইচা থাকার মত অবস্থা আমার নাই।” এসব বলতে বলতে সকলের কাছে ক্ষমা চেয়ে বুকের ডান দিকে বন্দুক ঠেকিয়ে নিজ বুকেই গুলি করেন তিনি।
তবে একটি সূত্র জানায়, স্ত্রীর সাথে ২ দিন যাবৎ বাক-বিতন্ডা চলছিলো তার। ধারনা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটতে পারে।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ আলী জানান, আহত পুলিশ সদস্যর সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজে আছি, চিকিৎসা চলছে। এখনই কিছু বলা যাচ্ছে না।
বেতবুনিয়া টিএন্ডটি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কুতুব উদ্দিন জানান, মােতাহার সদা হাস্যজ্জ্বল একটি ছেলে। কি থেকে কি হয়ে গেলো বুঝতেই পারছিনা। সে এরকম ঘটনা ঘটাতে পারে কারাে কল্পনাতেও ছিলো না।
বিজনেস বাংলাদেশ/একে




















