কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে নৌকার বিরুদ্ধে নির্বাচনের মাঠে থাকছে দলেটির তিন স্বতন্ত্র প্রার্থী। তাছাড়াও এই আসনটিকে রয়েছে জাসদ, জাতীয় পার্টি, ওয়ার্কাস পাটি ও মুক্তজোটসহ বিভিন্ন দলের প্রার্থীরাও।
নৌকার বিপক্ষে দলের একাধিক বিদ্রোহী প্রার্থী থাকার কারণে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এনিয়ে আসনটিতে সব মিলিয়ে ১৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনটিতে নৌকার মনোনয়ন পেতে বর্তমান ও সাবেক সংসদ সদস্যসহ দলটির ১৭ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এদের মধ্যে বর্তমান সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.কা.ম. সরওয়ার জাহান বাদশা কে দলীয় মনোনয়ন দেওয়া হয়।
দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হওয়ার পর গত ৩০ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিনে নৌকার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আসনটির সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন এবং সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি প্রয়াত আফাজ আহমেদ বিশ্বাসের ছেলে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল হুদা পটল।
উপজেলাটিতে এক সময় অবৈধ অস্ত্রধারী একাধিক সন্ত্রাসী বাহিনীর আধিপত্য ছিলো। বিভিন্ন সময় সন্ত্রাস বিরোধী অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে এসব বাহিনীর অনেকেই নিহত হয়েছে। কিন্তু সশস্ত্র এসব সন্ত্রাসী বাহিনীর সদস্যরা না থাকলেও এখনো মজুদ থাকার সম্ভবনা আছে তাদের রেখে যাওয়া সব অবৈধ অস্ত্র। আর সে কারণেই নির্বাচনকে ঘিরে সহিংসতা হওয়ার আতঙ্কের পাশাপাশি কে হবে আসনটির সংসদ সদস্য কিভাবেই বা হবে নির্বাচন এনিয়েও আলোচনা সমালোচনার ঝড় উঠেছে উপজেলাটির বিভিন্ন পাড়া-মহল্লা ও বাজারের চায়ের দোকানগুলোতে।
নৌকার বিরুদ্ধে দলের একাধিক প্রার্থী থাকার ব্যাপারে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছাদিকুজ্জামান খান সুমন বলেন, দল যাকে মনোনয়ন দিয়েছে তার পক্ষেয় কাজ করতে হবে। যদি দলের কোন স্বতন্ত্র প্রার্থী বা তার সমর্থকরা সহিংসতা করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই নেতা।
প্রসঙ্গত ১৪ টি ইউনিয়ন ও একটি উপজেলা নিয়ে গঠিত ৭৫ কুষ্টিয়া-১ দৌলতপুর আসন। ৮ লক্ষের অধিক জনসংখ্যার সংসদীয় এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৭৯ হাজার ১৮৬ জন। গত ২০১৯ সালের নির্বাচনে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে পরাজিত করে এই আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বর্তমান নৌকার মনোনীত প্রার্থী আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ।
বিজনেস বাংলাদেশ/একে




















