বিজিবি দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সীমান্তের শূণ্য রেখায় বিজিবি—বিএসএফ যৌথ রিট্রিট সিরিমনি প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
২০ ডিসেম্বর বুধবার ৬০ বিজিবি সুলতানপুর ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় আখাউড়া আইসিপি এবং ভারতের ত্রিপুরার ৪২ ব্যাটালিয়নের আগরতলা আইসিপি বিএসএফের যৌথ আয়োজন সিরিমনি অনুষ্টিত হয়।
বিজিবি দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ শরিফুল ইসলাম মেরাজ, ৬০ বিজিবি সুলতানপুর ব্যাটালিয়েনের অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ আশিক হাসান উল্লাহ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান,পিএসসি উপ-অধিনায়ক মেজর এ. এম. জাবের বিন জব্বার,ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার, আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রশান্ত চক্রবর্তী।
বিএসএফ ৪২ ব্যাটালিয়ননের ভারপ্রাপ্ত কমানডেন্ট কে এস ন্যাগীসহ বিজিবি ও বিএসএফ এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রথমে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা একে অপরকে সম্মান জানান। উভয় দেশের চৌকস গার্ডদল সশস্ত্র সালাম জানায় নিজ নিজ দেশের পতাকাকে। বিজিবি—বিএসএফ প্যারেড দল চমকমপ্রদ ও মনোমুগ্ধকর প্যারেড প্রদর্শন করেন। প্যারেড শেষে বিউগলের সুর বাজায়। এক সাথে দুই দেশের জাতীয় পতাকা নমিত করা হয়।
এসময় সীমান্তের দুই অংশে শত শত দর্শনার্থী করতালির মাধ্যমে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্যারেড উপভোগ করেন এবং করতালির মাধ্যমে অভিনন্দন জানান। পরে বিজিবি দিবসের শুভেচ্ছা জানিয়ে বিএসএফ’র হাতে ফুল ও মিষ্টি বিনিময় করেন।
এসময় বিএসএফ ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমানডেন্ট কে এস ন্যাগী বলেন,আমাদের মধ্যে মধুর সম্পর্ক রয়েছে সামনের
দিনগুলোতেও সুসম্পর্ক বজায় থাকবে।
বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ শরিফুল ইসলাম মেরাজ বলেন বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। এ ধরনের অনুষ্ঠান আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নের একটি মাধ্যম। তিনি বলেন, এই এলাকায় বর্তমানে সীমান্ত হত্যা প্রায় শূণ্যের কোটায়। গত এক বছরে একটি সীমান্ত হত্যার ঘটনা ঘটেনি। এটা আমাদের দু্ই বাহিনীর মধ্যে যে সুসম্পর্ক তারই বহিঃপ্রকাশ। এ ধরনের অনুষ্ঠান দু’দেশের সম্পর্ক উন্নয়ন ও মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
বিএসএফ’র আপত্তিতে আখাউড়া ইমিগ্রেশন ভবন নির্মাণ কাজ বন্ধের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার বলেন, এটা অচিরেই শুরু হয়ে যাবে। মন্ত্রণালয় পর্যায়ে কথাবার্তা চলছে। অচিরেই এ ব্যপারে সিদ্ধান্ত পেয়ে যাবো,নির্বাচনের পরপরই হয়তো এটার কাজ শুরু হয়ে যাবে।




















