নরসিংদীর রায়পুরায় মেঘনার ইজারাকৃত স্থান থেকে বালু উত্তোলন না করে ফসলী জমি কেটে নেয়ার প্রতিবাদে ইজারাদারদের বিরুদ্ধে মানববন্ধন করেছে চাঁনুপুর ইউনিয়নের বাসিন্দারা।
শুক্রবার (২২ডিসেম্বর) বিকালে মেঘনা নদীর তীঁরে অবৈধ ভাবে বালু উত্তোলনের ফলে ভাঙন কবলিত এলাকা উপজেলার চাঁনুপুর ইউনিয়ন গ্রামবাসীর ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন চাঁনুপুর গ্রামের অধিবাসী রোমান মিয়া, বাইজিদ মিয়া, ফখরুল ইসলাম, সাইফুল ইসলাম, মনির হোসেন, আখতার হোসেন প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, ইজারাদারদের লোকজন ইজারাকৃত স্থান থেকে বালু উত্তোলন না করে তারা ফসলী জমি কেটে নিচ্ছে। এভাবে বালু উত্তোলনের ফলে গত কয়েক বছরে কয়েকশ’ বিঘা ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এর সাথে বিলীন হয়েছে অনেকের বসত ভিটা। কেউ প্রতিবাদ করতে গেলেও তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
মানববন্ধনে এভাবে ফসলী জমির বালুকাটা বন্ধসহ গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম বলেন, তাদের ইজারা হচ্ছে কেদারখলা নামক স্থানে। কিন্তু তারা নিয়ম নীতির তোয়াক্কা না করে রায়পুরা সীমানায় এসে বালু উত্তোলনের ফলে একাধিক বার ড্রেজার জব্দ করে জরিমানা করা হয়েছে।




















