দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রঙ ফিকে হওয়ার আগেই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আশির্বাদ চাইলেন সুজানগরের শাহিনুজ্জামান শাহিন।
এ উপলক্ষ্যে সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার তাঁতিবন্দ ইউনিয়নের ভাবানীপুরে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেবার মধ্য দিয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পুনরায় নিজ দল আ.লীগের মনোনয়ন চাইবেন বলে জানান। এছাড়া সাধারণ মানুষের কাছে আশির্বাদও প্রার্থনা করেন তিনি। শাহিন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপনারা ভালবেসে ভোট দিয়ে আমাকে আপনাদের সেবার করার সুযোগ দিয়েছিলেন। চেষ্টা করেছি এই উপজেলাবাসীকে উন্নত সেবা দিতে। সবরকমের উন্নয়ন সাধন করতে। যা কিছু বাস্তবায়ন করতে পেরেছি সেগুলো আপনাদের সহযোগিতায়। আপনারা সহযোগিতা না করলে এটুকু সম্ভব হতো না। এজন্য আপনাদের কাছে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। একই সাথে আগামী নির্বাচনেও আপনাদের সহযোগিতা ছাড়া আমি কিছুই করতে পারব না। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করছি। সুজানগরকে সমৃদ্ধ উপজেলায় রুপ দিতে আবারো আমাকে সহযোগিতা করবেন।
তিনি বলেন, আমি দলের কাছে পুনরায় মনোনয়ন চাইবো। আপনাদের ভালবাসায় মনোনয়ন পাবার ক্ষেত্রে আমি আশাবাদী। আগামী নির্বাচনের ক্ষেত্রে বাকী রইল আপনাদের সমর্থন। সুজানগরের উন্নয়নে ভূমিকা রাখতে আপনাদের কাছে সেই সমর্থনটুকু কামনা করি। আপনারা আমার পাশে থাকবেন।
তাঁতিবন্দ ইউনিয়ন আ.লীগ নেতা বাবু প্রামাণিকের সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য দেন, সুজানগর পৌর আ.লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন, উপজেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. সাত্তার, তাঁতিবন্দ ইউনিয়ন আ.লীগের সভাপতি কুদ্দুস খন্দকার, সাধারণ সম্পাদক আ. আওয়াল খান, ভবানীপুর ওয়ার্ড আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ স্থানীয় আ.লীগ ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা।





















