দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে নির্বাচিত নতুন এমপিদের শপথগ্রহণ আগামীকাল বুধবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। নবনির্বাচিতদের বরণ করে নিতে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে জাতীয় সংসদ সচিবালয়।
মঙ্গলবার (৯ জানুয়ারি) গণভবনে বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
ইসি সূত্র জানায়, মঙ্গলবারের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদে নবনির্বাচিতদের তালিকা বা ফল সরকারি গেজেট আকারে প্রকাশ করবে ইসি। গেজেট প্রকাশ হলে আইন অনুযায়ী তিন দিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ করতে হবে নতুন সংসদ সদস্যদের।
সূত্র আরও জানায়, দ্বাদশ সংসদের নতুন সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এমপিদের শপথের আগে নতুন সংসদ সদস্য হিসেবে প্রথমে শিরীন শারমিন নিজেই শপথ নেবেন। এরপর তিনি অন্যদের শপথ পাঠ করাবেন। ওই শপথ অনুষ্ঠানের পরই আওয়ামী লীগের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হবে।
গত ৭ জানুয়ারি সংসদ নির্বাচন হয়। সেদিন ৩০০টি আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ করা হলেও পরে একটি আসনে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
ভোট শেষে ঘোষিত ফলাফলে ২৯৮টি আসনের মধ্যে সর্বোচ্চ সংখ্যাক ২২২টি আসন পায় আওয়ামী লীগ। এছাড়া জাতীয় পার্টি ১১টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) একটি, বাংলাদেশ কল্যাণ পার্টি একটি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি একটি এবং ৬২টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করে। নির্বাচনে ২৮টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে মোট প্রার্থী ছিলেন ১৯৭১ জন। ভোট নেওয়া হয়েছে ব্যালট পেপারে।
বিজনেস বাংলাদেশ/এমএইচটি


























