রোববার অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া জেলার ৭টি আসনের নির্বাচনের বেসরকারী ফলাফলে নৌকা প্রতিকে আওয়ামীলীগের ৪জন ও জাসদের ১জন, লাঙ্গল প্রতিকে জাপার ১জন এবং স্বতন্ত্রপ্রার্থী ১জন বিজয়ী হয়েছেন। রাতে রিটার্নিং অফিসার মোঃ সাইফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষনা করেন। বগুড়ায় ৭টি আসনের মধ্যে আওয়ামী লীগ ৪টিতে (বগুড়া-১, বগুড়া-৫, বগুড়া-৬ ও বগুড়া-৭) নিজ দলীয় প্রার্থী এবং অপর একটিতে (বগুড়া-৪) ১৪ দলীয় জোটভুক্ত জাসদের প্রার্থীর হাতে নৌকা তুলে দেয়। বাকি দু’টি আসন (বগুড়া-২, বগুড়া-৩) মিত্র দল জাতীয় পার্টিকে ছেড়ে দেয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী বগুড়া-১ ( সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলা) আসনে আওয়ামী লীগ মনোনীত সাহাদারা মান্নান নৌকা প্রতীক নিয়ে ৫১ হাজার ৪৯৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেত্রী শাহজাদী আলম লিপি পান ৩৫ হাজার ৬৮৪ ভোট। এখানে ৩৪ দশমিক ২৯ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বগুড়া-৫ (শেরপুর ও ধুনট উপজেলা) আসনে আওয়ামী মনোনীত মজিবর রহমান মজনু বিজয়ী হয়েছেন ১ লাখ ৯৮ হাজার ১৫৬ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ঐক্যজোটের মিনার প্রতিকে নজরুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ১০৫ ভোট। এ আসনে ভোট পড়েছে ৩৯ দশমিক ৩৬ শতাংশ ভোট।
বগুড়া-৬ (সদর উপজেলা) আসনে বিজয়ী আওয়ামীলীগের রাগেবুল আহসান রিপুর নৌকা প্রতীকে পড়েছে ৫৩ হাজার ২২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান আকন্দ ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ২২ হাজার ৮৪০ ভোট। এ আসনে ২১ শতাংশ ভোট পড়েছে।
বগুড়া-৭ (গাবতলী ও শাজাহানপুর উপজেলা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. মোস্তফা আলম নান্নু নৌকা প্রতিকে ৯১ হাজার ২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত লাঙ্গলের প্রার্থী এটিএম আমিনুল ইসলাম সরকার পিন্টু পেয়েছেন ৬ হাজার ৮০১ ভোট। এই আসনে ২১ দশমিক ৯৫ শতাংশ ভোট পড়েছে।
বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম উপজেলা) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রার্থী রেজাউল করিম তানসেন নৌকা প্রতীকে ৪২ হাজার ৭৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক বিএনপি নেতা ডা. জিয়াউল হক মোল্লা পেয়েছেন ৪০ হাজার ৬১৮ ভোট। এখানে আলোচিত বাংলাদেশ কংগ্রেস প্রার্থী ডাব প্রতিকে ইউটিউবার আশরাফুল আলম হোসেন ওরফে হিরো আলম ২ হাজার ১৭৫ ভোট পেয়ে জামাানত হারিয়েছেন। এই আসনে ২৮ দশমিক ৪ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।
বগুড়া-২ (শিবগঞ্জ উপজেলা) আসনে বিজয়ী জাতীয় পার্টি মনোনীত শরিফুল ইসলাম জিন্নাহর লাঙ্গল প্রতীকে পড়েছে ৩৬ হাজার ৯৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক বিএনপি নেত্রী বিউটি বেগম ট্রাক প্রতিকে পেয়েছেন ৩৪ হাজার ২০৩ ভোট। এই আসনে ২৭ দশমিক ৩৫ শতাংশ ভোট পড়েছে।
বগুড়া-৩ (আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলা) আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা খান মুহাম্মদ সাইফুল্লাহ্ আল মেহেদি বাঁধন ট্রাক প্রতীক নিয়ে ৬৯ হাজার ৭৫০ ভোটে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অপর আওয়ামী লীগ নেতা অজয় কুমার পেয়েছেন ২৩ হাজার ৮১৫ ভোট। এই আসনে ৩৭ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে।
উল্লেখ্য, জেলার ২৮ লাখ ৩০ হাজার ৬০৪ জন ভোটারের মধ্যে শতকরা ২৭ ভাগ ভোটার ভোট প্রয়োগ করেছেন বলে রিটার্নিং অফিসার জানিয়েছেন।




















