নির্বাচনের আগে থেকেই দেশি-বিদেশি ষড়যন্ত্র ছিল উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশের বিরুদ্ধে সেই ষড়যন্ত্র এখনও চলছে। জনগণকে সতর্ক থাকতে হবে।
শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে নিয়ামতপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন খাদ্যমন্ত্রী। চতুর্থ বারের মতো সংসদ সদস্য ও দ্বিতীয় মেয়াদে খাদ্যমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগ এ সংবর্ধনার আয়োজন করে।অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ২০২৪ সালের নির্বাচন ছিল উন্নয়নকে বেছে নেয়ার ও আগুন সন্ত্রাসকে প্রত্যাখ্যান করার নির্বাচন। জনগণ সঠিক সিদ্ধান্ত নিয়েছে। উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে।
তিনি বলেন, বিগত সময়ে নির্বাচিত হয়ে মানুষের পাশে থেকে কাজ করেছি। মানুষকে ভালবেসেছি, মানুষের ভালবাসাও পেয়েছি।
এসময় সামনের দিনগুলোতেও মানুষের সেবায় নিজেকে নিবেদিত রাখার অঙ্গীকার করেন মন্ত্রী। তিনি বলেন, নির্বাচনের আগে থেকেই দেশি-বিদেশি ষড়যন্ত্র ছিল। দেশের বিরুদ্ধে সেই ষড়যন্ত্র এখনও চলছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, জনগণকে সতর্ক থাকতে হবে।
এসময় মন্ত্রী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে বিএনপির দেশবিরোধী সব অপচেষ্টা রুখে দেয়ার আহ্বান জানান।




















