পাবনার চাটমোহর উপজেলার মা-ছেলে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে নিহত লাবনী খাতুনের ভাই শাহাদত হোসেন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে এ মামলা করেন। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত লাবনীর ভাতিজা শাহীন ও প্রতিবেশী মতিন নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন চাটমোহর থানার ওসি সেলিম রেজা।
পুলিশ এখন পর্যন্ত হত্যার কোনো রহস্য উদঘাটন করতে পারেনি, তবে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, কিছু ক্লু তারা পাওয়া গেছে, সে অনুযায়ী তদন্ত চলছে। খুব দ্রুতই এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতের কোন এক সময় উপজেলার ফৈলজানা ইউনিয়নের দিঘুলিয়া গ্রামে মালয়েশিয়া প্রবাসী আব্দুর রশিদের স্ত্রী লাবনী খাতুন ও তার ৮ বছরের শিশু সন্তান রিয়াদ হোসেনকে হত্যা করে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির গোয়াল ঘর থেকে লাবনীর ও বাড়ির পাশে পুকুর পাড়ে গাছে ঝুলন্ত অবস্থায় রিয়াদের মরদেহ উদ্ধার করে পুলিশ।




















