পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তার কেন্দ্র করে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানায় ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদারের হামলায় সাবেক ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদার নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকালে জেলার নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানায় ইউনিয়নের কুড়িয়ানা বাজারে এ ঘটনা ঘটে বলে জানান পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান। নিহত শেখর কুমার সিকদার (৫০) জেলার নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানায় ইউনিয়নের কুড়িয়ানা গ্রামের সুপ্রসন্ন সিকদারের পুত্র এবং আটঘর কুড়িয়ানায় ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান। নিহত শেখর কুমার সিকদারের ছোট ভাই শংকর কুমার সিকদার অভিযোগ করে বলেন, কুড়িয়ানার একটি প্রাইমারি স্কুলে ক্রীড়ানুষ্ঠানের দাওয়াত কার্ডে বর্তমান ইউপি চেয়ারম্যান মিঠুন হালদারের নাম কার্ডের উপরে লেখা হয়নি। একারনে ক্ষিপ্ত হয়ে তিনি সহ তার বাহিনী কুড়িয়ানা বাজারে বসে তার ভাইকে নির্মমভাবে পিটিয়েছে। তাদের পিটুনিতে তার ভাইয়ের মৃত্যু হয়েছে। প্রতক্ষ্যদর্শী গকুল হালদার বলেন, “ওই ইউনিয়নের কয়েকটি স্কুল কমিটির নির্বাচন হয়েছে। সে নির্বাচনে মিঠুন চেয়ারম্যান বা তার কোন অনুগত লোক নির্বাচিত হয়নি। ঘটনার দিন সাবেক ইউপি চেয়ারম্যান শেখর সিকদার কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে যাচ্ছিলেন। এসময় বর্তমান ইউপি চেয়ারম্যান মিঠুন হালদার, তার অনুগত শংকর হালদার,মনি হালদার,পংকজ,সন্তোষ শেখরের উপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে পিছন থেকে শংকরের ইটের আঘাতে শেখর মাটিতে লুটিয়ে পড়ে। নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো: শাহিন আহমেদ জানান, হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে। ময়না তদন্তের পরে মৃত্যুর কারণ বলা যাবে। অভিযুক্ত বর্তমান ইউপি চেয়ারম্যান মিঠুন হালদার মুঠোফোনে জানান, তিনি শেখর কুমার সিকদারের কাছে পাচ লাখ টাকা পেতেন। মঙ্গলবার সকালে কুড়িয়ানা বাজারে বসে সেই টাকা চাইছিলাম। এতে একটু কথার কাটাকাটি হয়েছিল। শেখর কুমার উত্তেজিত হয়ে হয়তো অন্য কোন কারনে মারা যেতে পারেন। পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান জানান, প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদারের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
১১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তার কেন্দ্র করে সাবেক চেয়ারম্যানকে পিটিয়ে হত্যা
-
আবু জাফর,পিরোজপুর - প্রকাশিত : ০৯:১৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪
- 124
ট্যাগ :
জনপ্রিয়




















