গাজীপুরে শ্রীপুর পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাড়িতে গুলি ও বারান্দায় পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে আগুনে পুড়ে বেশকিছু পাখি মারা যায়। সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে শ্রীপুর পৌরসভার ২নং ওয়ার্ডের দক্ষিণ ভাংনাহাটি গ্রামে পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরে আলম মোল্লার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই সমগ্র এলাকা জুড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রাস্তার পাশে বিদ্যুৎ এর খুঁটিতে দুটি সিসি ক্যামেরার ভাঙচুর করে মোল্লার বাড়ির ফটকের সামনে অবস্থান করে দুর্বৃত্তরা,পরে ১০ রাউন্ড গুলি ছোঁড়ে। এসময় তারা বাড়ির বারান্দায় পেট্রোল ছিটিয়ে অগ্নিসংযোগ করে। আগুনে বারান্দায় থাকা কিছু আসবাবপত্র ও খাঁচায় থাকা পাখি পুড়ে মারা গেছে।
ভুক্তভোগী নূরে আলম মোল্লা শ্রীপুর পৌরসভার ২নং ওয়ার্ডের দক্ষিণ ভাংনাহাটি গ্রামের মৃত তফিল উদ্দিন মোল্লার ছেলে। তিনি শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
নূরে আলম মোল্লা বলেন, সোমবার রাত সাড়ে ১২টার সময় একটি নাম্বার থেকে সর্বপ্রথম ফোন দিয়ে আমাকে বলে, ‘আজকে রাতে তোকে মেরে ফেলবো’। তখন আমি তার পরিচয় জানতে চাইলে ফোনের অপর পাশে থাকা ব্যক্তি নিজেকে আক্তার খান বলে পরিচয় দেয়। আক্তার খান আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে গালিগালাজ করার পর তার কাছ থেকে মোবাইল নিয়ে নেয় আরেক ব্যক্তি। সে নিজেকে হাসান খন্দকার বলে পরিচয় দেয়। এসময় সে বলে, ‘আজকের রাতই শেষ রাত তোর, তোকে আজকে মাইরা ফেলবো’। এ ঘটনার ফোনা কল রেকর্ড করেছিলেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন ফোনে হুমকির কোন রেকর্ড করতে পারিনি।
এমন হুমকি পেয়ে আমি বাসায় বসেছিলাম। রাত পৌনে ৩টার দিকে দুইটা মোটরসাইকেল দিয়ে পাঁচজন লোক আসে। তারা এসেই এলোপাথাড়ি গুলি ছোড়ে। এসময় বারান্দার গ্লাসে, জানালা-দরজায় ও গ্রিলে গুলি লাগে। পেট্টোল ঢেলে বারান্দায় আগুন ধরিয়েও দেওয়া হয়। এতে বারান্দায় খাঁচায় থাকা কয়েকটি পোষা পাখি পুড়ে যায়। ডাক চিৎকারে লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যায়।
ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত আক্তার খানের মুঠোফোনে বারবার যোগাযোগ করলেও কোনো সারা পাওয়া যায়নি।
এবিষয়ে শ্রীপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্জামান আজকের বিজনেস বাংলাদেশকে বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে গুলির আলামত উদ্ধার করা হয়েছে। বাদী পক্ষ থানায় এ বিষয়ে অভিযোগ করেছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




















