কিশোর কিশোরীদের মধ্যে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আরবান প্রোগ্রামের তত্ত্বাবধায়নে কিশোর-কিশোরীদের সার্বিক পরিচালনায় মিরপুরের মটস কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র সংলগ্ন মাঠে গত বৃহস্পতিবার দিনব্যাপী যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক লার্নিং ক্যাম্প আয়োজন করা হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর শিশু ও যুব ফোরামের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে ৩০ জন প্রশিক্ষিত কিশোর-কিশোরী প্রশিক্ষক হিসেবে ২৫০ জনের অধিক প্রশিক্ষণার্থীকে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা সৃষ্টি করেন। উক্ত ক্যাম্পে ১০টি তাঁবুর মাধ্যমে লিঙ্গ ও লিঙ্গ বৈষম্য, বয়ঃসন্ধিকাল, মেয়েদের মাসিক ব্যবস্থাপনা, যৌন সম্পর্ক এবং ধর্ষণ সংস্কৃতি সহ নানাবিধ বিষয়ে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ শামসুল হক, প্রোগ্রাম ম্যানেজার, কিশোর কিশোরী এবং বিদ্যালয় স্বাস্থ্যসেবা প্রকল্প, ডিজিইএইসএস। এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা; ধানমন্ডি, লালবাগ ও মিরপুর থানার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ডিরেক্টর অপারেশন্স জনাব চন্দন জেড গমেজ এবং ডেপুটি ডিরেক্টর ফিল্ড প্রোগ্রাম অপারেশন্স জনাব মঞ্জু মারীয়া পালমা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন-” আমি সত্যিই অভিভূত এমন অনন্য উদ্যোগের স্বাক্ষী হতে পেরে। বর্তমান সময়ে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক জ্ঞান থাকা একান্ত আব্যশক, বিশেষ করে কিশোর-কিশোরীদের মধ্যে। এ ধরণের ক্যাম্পে সকলের সরব অংশগ্রহণ যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক জ্ঞানের পরিধি বৃদ্ধিতে ব্যাপক সহায়তা করবে, যা সকলের জন্য অনুকরণীয়।”
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আরবান প্রোগ্রাম এর সিনিয়ার ম্যানেজার যোয়ান্না ডি’রোজারিও, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএনডিপি এর টাউন ম্যানেজার মোঃ মারুফ হোসেন। অনুষ্ঠান এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডমিনিক সেন্টু গমেজ, ম্যানেজার ঢাকা ইস্ট এরিয়া প্রোগ্রাম।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ডিরেক্টর অপারেশন্স চন্দন জেড গমেজ বলেন-” আরবান প্রোগ্রাম
আয়োজিত এ ক্যাম্প অতি অল্প সময়ে অধিক কিশোর-কিশোরীদের মাঝে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক জ্ঞান বিতরণে চমৎকার এক উদাহরণ হয়ে থাকবে।”
অনুষ্ঠানের শেষ অংশে ক্যাম্পে অংশগ্রহণকারী শিশু ও কিশোর কিশোরীদেও মধ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।




















