পাবনার বেড়ায় আই ফোন ছিনতাইয়ের অভিযোগে কথিত সাবেক ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম রাকিব ও ছাত্রলীগ কর্মী আকরামকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে বেড়া পৌর এলাকার বনগ্রাম থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। রাকিব বেড়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের ছেলে ও আকরাম বেড়া পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর আবু সাঈদের ছেলে। রাকিব নিজেকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও আকরাম ছাত্রলীগ কর্মী পরিচয় দিতো।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বেড়া বাজারের ব্যবসায়ী অখিল চন্দ্র হালদারের ছেলে জীবন গত ২৪ ফ্রেব্রুয়ারি বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হলে রাকিবুল ইসলাম রাকিব ও আকরাম একটি মোটর সাইকেলে এসে তার পথরোধ করে। এসময় তারা একটি ধারালো ছুরি বের করে জীবনের গলায় ধরে তার পকেটে থাকা আইফোন প্রোম্যাক্স ১৪ তাদের দিয়ে দিতে বলে। এক পর্যায়ে পকেট থেকে জোরপূর্বক ফোনটি বের করে নিয়ে দ্রুত বেগে চলে যায়। প্রকাশ্য দিবালোকে এমন ঘটনায় হতভম্ব হয়ে জীবন চিৎকার দিলে তার মা অলকা হালদার ও কাকী রীতা হালদার ছুটে এসে ছিনতাইয়ের ঘটনা প্রত্যক্ষ করেন।
এ ঘটনায় ২৫ ফেব্রুয়ারি জীবন বাদী হয়ে রাকিব ও আকরামকে আসামী করে মামলা দায়ের করে। ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশ সোমবার রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে রাকিব ও আকরামকে গ্রেফতার করে।
নাম প্রকাশে অনিচ্ছুক বেড়া বাজারের এক ব্যবসায়ী জানান, রাকিবের অত্যাচারে বেড়া বাজারের ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে পড়েছে। কথায় কথায় যার তার কাছে চাঁদা দাবি করে। তার নেতৃত্বে একটি সন্ত্রাসী কিশোর গ্যাং এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ব্যবসায়ীরা এসব ঘটনায় তার বাবা পৌর আওয়ামীলীগ সেক্রেটারি নজরুল ইসলামের কাছে অভিযোগ করেও কোন ব্যবস্থা না নিয়ে ছেলেকে প্রশ্রয় দিয়ে গেছেন। আমরা এই সন্ত্রাসীর শাস্তি চাই।
বেড়া মডেল থানার ওসি রাশিদুল ইসলাম রাকিব ও আকরামকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, জীবনের দায়ের করা ছিনতাই মামলায় রাকিব ও আকরামকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের নিকট থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন ও ছিনতাইয়ে ব্যবহৃত ছুরি ও মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।




















