জামালপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবুসহ মিথ্যা মামলায় গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০২ মার্চ) দুপুরে শহরের তমালতলায় পৌরসভা ও সদর উপজেলা আওয়ামী পরিবারের সমর্থকদের ব্যানারে আসাদুজ্জামান আকন্দ বাবুসহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল তমালতলা মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জামালপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি ইকরামুল হক নবীন, শহর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান মনির, সাবেক ছাত্রলীগ নেতা আকবর হোসেন, পৌর আওয়ামী লীগের সদস্য ইমরান সরকার প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজনু সিআইপি’র পক্ষে নির্বাচন করায় তাদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়। বক্তারা আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন উন্মুক্ত করে দিয়েছিলেন। কিন্তু তারা কেন্দ্রের সিদ্ধান্ত না মেনে নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেন। অবিলম্বে বাবুসহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবি করেন।
উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর সদর উপজেলার শাহবাজপুর এলাকায় নির্বাচনী প্রচার কেন্দ্র ভাংচুর ও সহিংসতার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়। এ মামলায় ১৫ ফেব্রুয়ারী থেকে কারাগারে আছেন নেতাকর্মীরা।






















