তারুণ্যের উচ্ছ্বাসে মাততে আবারও ফিরেছে জয় বাংলা কনসার্ট। আর তরুণদের সঙ্গে এই কনসার্ট উপভোগের জন্য চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক।
বৃহস্পতিবার (৭ মার্চ) চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে বেলা তিনটায় এই কনসার্ট শুরু হয়।
এবারের জয় বাংলা কনসার্ট মাতাচ্ছে সর্বমোট ৯টি দেশীয় ব্র্যান্ড দল। এগুলো হলো- অ্যাভোয়েড রাফা, নেমেসিস, চিরকুট, মেঘদল, লালন, তীরন্দাজ (চট্টগ্রামের ব্যান্ড দল), কার্নিভাল, আর্টসেল এবং ক্রিপটিক ফেইট।
আগে সাতবার ঢাকার আর্মি স্টেডিয়ামে এই কনসার্ট আয়োজন হলেও এবারই প্রথম ঢাকার বাইরে চট্টগ্রামে এই কনসার্টের আয়োজন করা হয়েছে। বর্তমান প্রজন্মকে দেশের ঐতিহাসিক এই দিনের সঙ্গে সংযুক্ত করতে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) তারুণ্যের প্ল্যাটফর্ম ইয়াং বাংলার নিয়মিত আয়োজন জয় বাংলা কনসার্ট।
জয় বাংলা কনসার্ট আয়োজনের পাশাপাশি শিশুদের কাছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিচিত করে তোলে রাদওয়ান মুজিব সিদ্দিকের কার্যক্রম গ্রাফিক নভেল ‘মুজিব’। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী প্রকাশের পর শিশু-কিশোর ও তরুণদের কাছে তার ঘটনাবহুল জীবন নতুন রূপে তুলে ধরার জন্য বইটিকে গ্রাফিক নভেলে রূপ দেওয়ার উদ্যোগ নেন তিনি। বিশ্বের বিভিন্ন দেশে বিখ্যাত ব্যক্তিদের নিয়ে গ্রাফিক নভেল হলেও বাংলাদেশে এ ধরনের উদ্যোগ এটাই প্রথম।
দেশ গঠনে তরুণদের উদ্বুদ্ধ করতে তার আরেকটি জনপ্রিয় উদ্যোগের নাম ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’। দেশ গঠনে এগিয়ে আসা তরুণদের স্বীকৃতি দিতে এই অ্যাওয়ার্ড দেয়া হয়।
একইসঙ্গে বঙ্গবন্ধুকে হত্যার পর তার দুই মেয়ে কীভাবে জীবনসংগ্রাম করেছেন সেসব ঘটনা নিয়ে ডকুড্রামা ‘হাসিনা: অ্যা ডটার টেইল’ নির্মাণের নেপথ্যে ছিলেন রাদওয়ান। এর মাধ্যমে রাজনৈতিক ইতিহাসের ঘটনাবলী সামনে আনার প্রকল্পগুলোর পৃষ্ঠপোষকতা করছেন বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানার ছেলে রাদওয়ান।
লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স থেকে গভর্নেন্স অ্যান্ড হিস্ট্রি বিষয়ে স্নাতক রাদওয়ান একই প্রতিষ্ঠান থেকে কমপ্যারেটিভ পলিটিক্স বিষয়ে স্নাতকোত্তর করেন।
রাদওয়ান মুজিব সিদ্দিক গবেষণা প্রতিষ্ঠান সিআরআইয়ের ট্রাস্টি। সিআরআইয়ের অঙ্গ প্রতিষ্ঠান ইয়ং বাংলার মাধ্যমে তরুণদের ক্ষমতায়ন ও উদ্বুদ্ধকরণের কাজ করছেন তিনি। সেই উদ্যোগের অন্যতম একটি অংশ জয় বাংলা কনসার্ট। এ ছাড়াও দেশ গঠনে তরুণদের সংশ্লিষ্ট করতে ‘পলিসি ক্যাফে’, ‘লেটস টক’ সহ আরও বেশ কিছু কার্যক্রম পরিচালনা করে সিআরআই।
সিআরআই থেকে প্রকাশিত নীতি-নির্ধারণী ম্যাগাজিন হোয়াইটবোর্ডের প্রধান সম্পাদক রাদওয়ান মুজিব।






















