ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন ইকরামুল হক টিটু। শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা ভোটগ্রহণ শেষে রাতে ঘোষিত ফলাফলে তাঁকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। ময়মনসিংহ সিটিতে এ নিয়ে দ্বিতীয়বারের মতো মেয়র হলেন টিটু। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদেকুল হক খান মিল্কী টজুর চেয়ে লক্ষাধিক বেশি ভোট পেয়ে জয়ী হন।
রাত পৌনে ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী সিটি নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ সময় ১২৮টি ভোটকেন্দ্রের সব কয়টির ফলাফল ঘোষণা করা হয়। ভোট পড়েছে ৫৬.৩০ শতাংশ। এতে টেবিল ঘড়ি প্রতীক নিয়ে ইকরামুল হক টিটু পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬০৪ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতি প্রতীক নিয়ে সাদেকুল হক খান মিল্কী টজু পেয়েছেন ৩৫ হাজার ৭৬৩ ভোট। এ ছাড়া ঘোড়া প্রতীক নিয়ে এহতেশামুল আলম ১০ হাজার ৭৭০ ভোট এবং হরিণ প্রতীক নিয়ে রেজাউল হক ১ হাজার ৪৮৭ ভোট পেয়েছেন।
শনিবার রাতে মেয়র পদে বিজয়ী টিটু ময়মনসিংহের নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সবাইকে নিয়ে তিনি সিটি করপোরেশনকে শতভাগ জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবেন। তিনি বলেন, বিগত প্রায় পাঁচ বছর ময়মনসিংহ নগরবাসীর কল্যাণে নিজেকে যেভাবে নিয়োজিত করেছিলেন, ভবিষ্যতেও ময়মনসিংহবাসী তাঁকে আপদে-বিপদে পাশে পাবে।
ময়মনসিংহ সিটির নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে কয়েকটি কেন্দ্রে কোনো কোনো ভোটার, বিশেষ করে বয়স্করা ইভিএমে ভোট দিতে বিড়ম্বনায় পড়েন।অল্পসংখ্যক ভোটারের আঙুলের ছাপ মেশিন নেয়নি।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সকাল থেকে ভোটররা নিজ নিজ ভোটকেন্দ্রে এসে ভিড় করছেন। ৮টা থেকে ভোট শুরু হয়। তবে সময় কম লাগায় ভোটারদের লাইনে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হয়নি।
শহরের কেন্দ্রগুলোর চেয়ে শহরতলির কেন্দ্রের বাইরে ভোটারদের বেশ ভিড় দেখা যায়। এসব ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশ ছিল। কেন্দ্রের বাইরে ছিল প্রার্থীদের নির্বাচনী ক্যাম্প। সেখান থেকে ভোটারদের সহায়তা করেন কর্মীরা। ভোটকেন্দ্রগুলোতে অনেক ভোটার ভোট দেওয়ার নির্দিষ্ট কক্ষ চিনে নিতে না পারলেও কর্তব্যরত পুলিশ ও আনসার সদ্যরা তাঁদের তথ্য দিয়ে সহয়ায়তা করেন।
সকাল সোয়া ৯টায় মেয়র প্রার্থী ইকরামুল হক টিটু নগরীর প্রিমিয়ার আইডিয়াল স্কুলে ভোট দেন। আরেক মেয়র প্রার্থী সাদেকুল হক খান মিল্কী টজু এডওয়ার্ড স্কুলে ভোট দেন। অন্য মেয়র প্রার্থী এহতেশামুল আলম ভোট দেন মুসলিম গার্লস স্কুলের ভোটকেন্দ্রে।
সব প্রার্থীই জানান, উৎসবমুখর পরিবেশে ভোট চলছে। নির্বাচনে আরো দুজন মেয়র প্রার্থী ছিলেন। তাঁরা হলেন লাঙল প্রতীকের শহীদুল ইসলাম স্বপন মণ্ডল এবং হরিণ প্রতীকের ড. রেজাউল হক। তবে ভোটের মাঠে এ দুজনের তেমন প্রচারণা চোখে পড়েনি। অনেক কেন্দ্রে তাঁদের এজেন্টও ছিল না।
সকাল ১১টায় বিদ্যাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটাররা আসছেন, ভোট দিয়ে যাচ্ছেন।
এই কেন্দ্রর ৫ নম্বর কক্ষের সহকারী প্রিজাইডিং অফিসার ফারজানা বেগম বলেন, ভোটাররা আসছেন সকাল থেকেই। কোনো সমস্যা হয়নি।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. নজরুল ইসলাম বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কেউ কোনো বিষয়ে অভিযোগও করেনি।
সিটি কলেজিয়েট স্কুলে গিয়েও দেখা গেছে, ওই কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট চলছে। এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ইমরান হোসেন বলেন, এখানে কোনো সমস্যা নেই।
মহাকালী গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে দেখা গেছে, এই কেন্দ্রেও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। তবে এখানে কোনো কোনো বয়স্ক নারী ভোটার ইভিএমে ভোট দিতে গিয়ে বিড়ম্বনায় পড়েন। তাঁদের আঙুলর ছাপ মেশিনে মেলেনি।
এই কেন্দ্রে ভোট দিতে আসা খানার ঘাট এলাকার জমেলা, শাহীদা, সুফিয়া জানান, তাঁরা ভোট দিতে পারেননি। তাঁদের আঙুলের ছাপ মেলেনি। তাঁরা বলেন, সাবান পানি দিয়ে হাত ধুয়েও তাঁরা শেষ পর্যন্ত ভোট দিতে পারেননি। এ জন্য তাঁদের মন খারাপ।
জিলা স্কুল কেন্দ্রে গিয়ে দেখা গেছে, সুষ্ঠুভাবে ভোট চলছে। ভোট দিতে আসা আব্দুল হাফিজ নামের একজন ভোটার বলেন, তিনি পুরনো ভোটার। প্রতিটি নির্বাচনেই ভোট দেন। এবারও দিলেন। ইভিএমে ভোট দিতে তাঁর কোনো সমস্যা হয়নি বলে জানান।
বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হলেও উত্সুক ভোটার ও কর্মী-সমর্থকরা নিজ নিজ কেন্দ্রের বাইরে ফলাফলের জন্য অপেক্ষায় থাকেন। বিকেল ৫টা থেকে অনেক কেন্দ্রের ফলাফল প্রকাশ হতে থাকে। এ সময় সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর সামনে বিজয়ী প্রার্থীর সমর্থকরা আনন্দে মেতে ওঠে।
বিকেলের দিকে ইকরামুল হক টিটু বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে নিজ বাড়িতে আসেন। এ সময় অনেক কর্মী-সমর্থক আবেগাপ্লুত হয়ে তাঁকে জড়িয়ে ধরে। এ সময় ইকরামুল হক টিটু কর্মী-সমর্থকদের বলেন, এ বিজয় ময়মনসিংহবাসীর। তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, তিনি সবাইকে নিয়ে সিটি করপোরেশনের অসমাপ্ত প্রকল্পগুলো সমাপ্ত করবেন। নাগরিকদের সেবার মান বাড়াবেন।
ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে পাঁচজন, ৩৩টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ১৪৯ জন এবং ১১টি সংরক্ষিত ওয়ার্ডে ৬৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটকেন্দ্রের সংখ্যা ১২৮। ভোটকক্ষের সংখ্যা ৯৯০। নির্বাচনী দায়িত্বে ছিলেন তিন হাজার ২৫৩ জন কর্মকর্তা। মোট ভোটারের সংখ্যা তিন লাখ ৩৬ হাজার ৪৯৬। এর মধ্যে পুরুষ এক লাখ ৬৩ হাজার ৮৩২ জন এবং নারী এক লাখ ৭২ হাজার ৬৫৫ জন। ১১৩ বছরের পুরনো ময়মনসিংহ পৌরসভাকে ২০১৮ সালের ১৪ অক্টোবর সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করে সরকার। ২০১৯ সালের মে মাসে প্রথম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন পৌরসভার সাবেক মেয়র ইকরামুল হক টিটু।























