পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত কাজাখাস্তানের নাগরিক শেভট ভ্লাদিমির হত্যা মামলায় বেলারুশ নাগরিক মাতসভিয়ে ভ্লাদিমিরকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার বিকেলে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এ রায় দেন। এতে মামলার আসামী অপর দুই বেলারুশ নাগরিক আরবানাভিচুস ভাটালি ও ফেডারোভিচ হেনাজ এর বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদের বেকসুর খালাস ঘোষনা করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবি আব্দুস সামাদ খান রতন জানান, কাজাখস্তানের নাগরিক শেভট ভ্লাদিমির রূপপুর পারমাণবিক প্রকল্পের রাশিয়ান ঠিকাদারী প্রতিষ্ঠান নিকিমথ কোম্পানিতে কাজ করতেন। গত ২০২২ সালের ২৬ মার্চ রাতে প্রকল্পের বিদেশি নাগরিকদের আবাসিক এলাকা গ্রিনসিটির একটি ভবনের কক্ষে আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জের ধরে বেলারুশ নাগরিক মাতসভিয়ে ভ্লাদিমিরের ছুরিকাঘাতে নিহত হন। এ হামলায় বেরেজনয় অ্যান্ড্রে নামে কাজাখস্তানের অপর একজন আহত হন।
এ ঘটনায় নিকিমথ কোম্পানির পরিচালক ইউরি ফেদোরভ বাদী হয়ে ঈশ্বরদী থানায় তিন বেলারুশ নাগরিককে আসামী করে একটি মামলা দয়ের করেন। বিচারিক কার্যক্রম শেষে মাতসভিয়ে ভ্লাদিমিরের বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় পেনাল কোডের ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদন্ড ও ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদন্ডের রায় দিয়েছেন আদালত। অপর দুই আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় বেকসুর খালাস দেয়া হয়েছে।
রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।






















