নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘২১ বছর ধরে শুনছি শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা, তুরাগ নদীকে বাঁচাতে হবে। নদী রক্ষায় কাজ হচ্ছে, কিন্তু অ্যাকশন কম। নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ এলাকাগুলো দূষিত হয়ে যাচ্ছে। ঢাকার আশপাশের অঞ্চল না বাঁচালে ঢাকা বাঁচবে না। এটা আমরা সবাই জানি ও বুঝি। কিন্তু কেউ অ্যাকশনে যাচ্ছে না। জরিমানা বা অভিযানের কথা বললেই বারবার বলা হয় লোকবল নেই, এই করতে হবে, তালিকা নেই, সংস্থার ক্ষমতা নেই নানান কথাবার্তা। আমাদের এখন কার্যকরী ভূমিকা রাখা ব্যতীত ভিন্ন কোনো পথ খোলা নেই।’
মঙ্গলবার নারায়ণগঞ্জে ‘নদীতে শিল্প দূষণ রোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও গণশুনানিতে এ কথা বলেন মেয়র। বেলা ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের এক্সপেরিমেন্টাল হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলা ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের যৌথ উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যদের ভেতর বক্তব্য দেন নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, নদী রক্ষা কমিশনের সহকারী প্রধান (পরিবেশ) সাকিব মাহমুদ, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ফেরদৌস আনোয়ার, এলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা প্রমুখ।




















