সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দূর্গাপূজায় নিরাপত্তাসহ নানা বিষয়ে প্রস্তুতি সভা সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার কে.এম রফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন, সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মুজিবুর রহমান, সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টোশন অফিসার মোঃ নূরুল আলম দুলাল, সীতাকুণ্ড উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী মুহাম্মদ কুতুবউদ্দিন শিবলী।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী অ্যাডভোকেট আশরাফুর রহমান, সীতাকুণ্ড উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আবু হাফছ মুহাম্মদ নকিব, সীতাকুণ্ড পৌরসভার জামায়াতের আমীর হাফেজ আলী আকবরসহ উপজেলার ১০টি ইউনিয়নের নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার কে. এম রফিকুল ইসলাম বলেন, শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আমরা প্রস্তুতি সভা সম্পন্ন করেছি। নিরবচ্ছিন্ন পূজা উদযাপনে আমরা একগুচ্ছ পরিকল্পনা সাজিয়েছি। দ্রুত সব প্রস্তুতি শেষ করা হবে৷ সনাতন ধর্মাবলম্বীরা যেন তাদের এই সবচেয়ে বড় উৎসবটি নির্বিঘ্নে পালন করতে পারে।
উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী মুহাম্মদ কুতুব উদ্দিন শিবলী বলেন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেছেন, এদেশে কোন সংখ্যালঘু নেই, যারা এদেশে জন্মেছে সবাই বাংলাদেশী, আমরা সবাই এক। গত ৫ আগস্টের পর থেকে আমরা সীতাকুণ্ডের প্রতিটি মন্দিরে সর্বোচ্চ পাহারা দিয়েছি। আমরা সবসময় আপনাদের সাথে থাকব। মুসলিম রাষ্ট্রে অমুসলিমরা ততটাই নিরাপদ থাকবে যতটা নিরাপদ মায়ের কোলে সন্তান নিরাপদ থাকে। এসময় তিনি সবাইকে একসাথে মিলেমিশে কাজ করার আহব্বান জানান।




















