“সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান” এই প্রতিপাদ্যে ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত হয়েছে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর আয়োজনে দিবসটি উপলক্ষে সোমবার (১৪ অক্টোবর) সকালে ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিহাব উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) ফয়েজ আহমেদ, ক্যাব ময়মনসিংহের সভাপতি এডভোকেট মোঃ আবুল কাশেম।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেইরি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রায়হান হাবিব। এছাড়াও আলোচনার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, বিএসটিআই ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রোলজি) মোঃ ছানোয়ার হোসেন। আলোচনা সভায় বক্তারা বলেন, বিশ্ব চায় সর্বক্ষেত্রে একটি মান। সকল পণ্যের মান কীভাবে উন্নত করা যায়, সে লক্ষ্যে কাজ করতে হবে। আমাদের যারা ভোক্তা আছেন তাদের স্বার্থের জন্য কাজ করতে হবে, তারা যেন মানসম্পন্ন পণ্য পায়। মানহীন ও অনিরাপদ ভোগ্যপণ্যই ভোক্তার জন্য ক্ষতিকর। সবাই এগিয়ে আসলে সহজেই তা বাস্তবায়ন সম্ভব হবে। আলোচনা সভায় বিভিন্ন সংস্হা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিগন ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।




















