মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী, জাতীয় নেতা বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের ৯৩তম জন্মবার্ষিকী আজ সোমবার। ১৯২৫ সালের ২৩ জুলাই গাজীপুরের কাপাসিয়া উপজেলার দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।
তার বাবা মৌলভী মো. ইয়াসিন খান ও মায়ের নাম মেহেরুন্নেছা খানম। তাজউদ্দীন আহমদ বাংলাদেশের রাজনীতিতে মেধা, দক্ষতা, যোগ্যতা, সততা ও আদর্শের অনন্য এক প্রতীক। তাজউদ্দীন আহমদ ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর।
মুসলিম লীগের কাউন্সিলর নির্বাচিত হওয়ার মাধ্যমে তাজউদ্দীন আহমদের সক্রিয় রাজনৈতিক জীবন শুরু হয়। ১৯৬৪ সালে তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৬৬ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
আজ সোমবার দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে তাজউদ্দীন আহমদের জন্মবার্ষিকী পালন করবে কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগ। অপরদিকে ঢাকা ও গাজীপুরে থাকছে নানা আয়োজন।

























