‘দ্য ফ্রন্ট পেজ’ এর অফিশিয়াল ফেইসবুক পেইজে মুক্তি পাচ্ছে জুলাই বিপ্লবের অসাধারণ গল্প নিয়ে নির্মিত একটি আট পর্বের ডকুমেন্টরি ‘মুক্তি: জেন জেড রেভ্যুলেশন’।ডকুমেন্টরিতে দেখানো হয়েছে, ২০২৪ সালে দেশের ছাত্র-সমাজ কীভাবে ১৫ বছরের দীর্ঘ স্বৈরশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ক্রমবর্ধমান বৈষম্যের বিরুদ্ধে ক্ষোভ থেকে শুরু হওয়া এই আন্দোলন শেষ পর্যন্ত একটি তরুন-নেতৃত্বাধীন বিপ্লবে রূপ নেয় এবং প্রথাগত ক্ষমতার কাঠামো ভেঙে দেয়। ডকুমেন্টরিতে বিশেষ সাক্ষাৎকার, বিভিন্ন এক্সক্লুসিভ/ আন-রিলিজড ফুটেজ এবং হৃদয়স্পর্শী বর্ণনার মাধ্যমে জুলাই-আগস্ট মাসের জানা-অজানা বাস্তবচিত্রগুলো তুলে ধরা হয়েছে। এই আট পর্বের ডকুমেন্টরি সিরিজে পহেলা জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ঘটনাপ্রবাহকে ধারাবাহিকভাবে তুলে ধরা হয়েছে, যেখানে সহিংস দমন-পীড়ন এবং গোলাগুলির মধ্যেও তরুণদের সাহসিকতা ও সংগ্রাম দেখা গেছে। এতে কোটা আন্দোলন, তরুনদের দৃঢ়তা, এবং ন্যায়বিচারের জন্য তাদের লড়াইয়ের চিত্র তুলে ধরা হয়েছে।
‘মুক্তি: জেন জেড রেভ্যুলেশন’-এ আন্দোলনের সামনে ও পেছনের জানা-অজানা মূহুর্তগুলো এবং আগামী প্রজন্মের জন্য একটি বৈষম্যমুক্ত ভবিষ্যৎ নিশ্চিতের প্রচেষ্টাকে তুলে ধরা হয়েছে। এই বিপ্লবের সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, মিডিয়া ব্যক্তিত্ব, ডিজিটাল স্ট্র্যাটেজিস্ট ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধিদের ডোকুমেন্টরিতে ফিচার করা হয়েছে, এবং তারা আন্দোলনের বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। সিরিজটি বৈশ্বিক ও ভূরাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে আন্দোলনের প্রভাব এবং এর দীর্ঘমেয়াদী গুরুত্ব বিশ্লেষণ করেছে।




















