সিরাজগঞ্জের চৌহালী উপজেলাধীন এনায়েতপুরে দ্রুতগামী ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত শামীম হোসেন (৩৫) টাঙ্গাইল জেলার সেলিমপুর পাথরাইল গ্রামের আব্দুল হাকিমের ছেলে। এদিকে ঘাতক ট্রাক চালক পালিয়ে গেলে স্থানীয় জনতা ট্রাকটি আটক করে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল থেকে শশুর বাড়ি সিরাজগঞ্জের বেলকুচিতে এসে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ নিকট আত্মীয়কে দেখানোর জন্য সিরিয়াল নেয়ার পর শ্বশুর বাড়িতে ফিরে যাচ্ছিলেন। পরে এনায়েতপুর- সিরাজগঞ্জ সড়কের বেতিল পৌছলে দ্রুতগামী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন।
এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানি জানান, লাশ উদ্ধার ও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। দায়ী ট্রাক চালককে ধরতেও চেষ্টা চালানো হচ্ছে।





















