শিশু-কিশোরীদের মধ্যে বায়ু দূষণ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আরবান প্রোগ্রামের তত্ত্বাবধায়নে শিশু ও কিশোর-কিশোরীদের সার্বিক পরিচালনায় টঙ্গী আরবান প্রোগ্রাম ২২ শে ফেব্রুয়ারী শনিবার টঙ্গী টিডিএইচ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী বায়ু দূষণ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক লার্নিং বুট ক্যাম্প আয়োজন করেছে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর শিশু ও যুব ফোরামের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে ৩০ জন প্রশিক্ষিত শিশু ও কিশোর-কিশোরী প্রশিক্ষক হিসেবে ২৫০ জনের অধিক প্রশিক্ষণার্থীকে বায়ু দূষণ ও পরিবেশ সুরক্ষা বিষয়ে সচেতনতা সৃষ্টি করেন। উক্ত ক্যাম্পে ১০টি তাঁবুর মাধ্যমে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, সামাজিক পরিষ্কার পরিচ্ছন্নতা, পলিথিন এবং প্লাস্টিকের ব্যবহারে ক্ষতিকর প্রভাব, বায়ু পরিবেশ ও শব্দ দূষণ, শব্দ দূষণ এর প্রভাব এবং প্রতিরোধ সহ নানাবিধ বিষয়ে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: সোহেল রানা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফেরদৌস আহমেদ, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, এছাড়াও উক্ত পরিবেশ অনুষ্ঠানে এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, এলাকার সুশীল সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, ইয়থ ফোরাম ও চাইল্ড ফোরামের সদস্যবৃন্দ ও টঙ্গী এরিয়া প্রোগ্রাম ম্যানেজার-আরবান ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর মানস বিশ্বাস, সিনিয়র প্রোগ্রাম অফিসার জসিম উদ্দিন ও বনি হাওলাদার, কামনাশিস,শৈলজান্দ রায়।
প্রধান অতিথি বলেন আমি সত্যিই অভিভূত এমন অনন্য উদ্যোগের স্বাক্ষী হতে পেরে। বর্তমান সময়ে বায়ু দূষণ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক জ্ঞান থাকা একান্ত আব্যশক, বিশেষ করে শিশু-কিশোরীদের মধ্যে। এ ধরণের ক্যাম্পে সকলের সরব অংশগ্রহণ বায়ু দূষণ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক জ্ঞানের পরিধি বৃদ্ধিতে ব্যাপক সহায়তা করবে, যা সকলের জন্য অনুকরণীয় এবং এ ক্যাম্প অতি অল্প সময়ে অধিক শিশু-কিশোরীদের মাঝে প্লাস্টিক ও পলিথিন ব্যবহারে সচেতনতা, পরিবেশ সুরক্ষা বিষয়ক জ্ঞান বিতরণে চমৎকার এক উদাহরণ হয়ে থাকবে।
অনুষ্ঠানের শেষ অংশে ক্যাম্পে অংশগ্রহণকারী শিশু ও কিশোর-কিশোরীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা, পরামর্শ গ্রহন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

























