দুদক অভিযান এক(১) মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাসেবা প্রদানে অনিয়মসহ নানাবিধ অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, হবিগঞ্জ হতে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিম রোগীদের জন্য প্রস্তুতকৃত খাবার যাচাই ও বিভিন্ন ওয়ার্ড সরেজমিনে পরিদর্শন করে। আউটডোরে সেবা নিতে আসা রোগী/সেবাপ্রার্থীদের সাথে টিম কথা বলে এবং তারা কোনোরূপ হয়রানির স্বীকার হচ্ছে কি না তা যাচাই করে। উপস্থিত সেবাগ্রহীতাগণ দুদকের এ অভিযানকে স্বাগত জানান। দুদক টিমের নিকট তারা জানান যে, গত ১৮ মে তারিখে মৌলভীবাজারে অনুষ্ঠিত গনশুনানির পরে উক্ত হাসপাতালে সেবা প্রদানের মানে দৃষ্টিগ্রাহ্য পরিবর্তন সাধিত হয়েছে। অভিযানকালে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।
দুদক অভিযান দুই(২) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিদ্যুৎ উপ-বিভাগে কর্মকর্তাদের পদোন্নতি প্রক্রিয়ায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে আজ দুদক, জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সচিবের বক্তব্য গ্রহণ করা হয়। অতঃপর অভিযোগ সংশ্লিষ্ট সকল রেকর্ডপত্র সংগ্রহ করে দুদক টিম। সংগৃহীত রেকর্ডপত্রাদি পূর্ণাঙ্গরূপে পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।
দুদক অভিযান তিন(৩) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) -এর কর্মচারী কর্তৃক অবৈধভাবে অনেকগুলো ফ্ল্যাট অর্জনের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা হতে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। এনফোর্সমেন্ট টিম অভিযানকালে সরেজমিনে অভিযোগের বিষয়ে স্থানীয় ব্যক্তি ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। পরবর্তীতে টিম অভিযোগে বর্ণিত বিভিন্ন ফ্ল্যাট ও প্লটের রেকর্ডপত্র সংগ্রহ করে। সংগৃহীত রেকর্ডপত্রের আলোকে অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক তথ্য-প্রমাণের ভিত্তিতে কমিশনের সিদ্ধান্ত চেয়ে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
ডিএস../























