ছাত্র আন্দোলনে সাব্বির হত্যা মামলার আসামি সাবেক ছাত্রলীগ নেতা ও দেবিদ্বার পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম শামীমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার (১৭ জুন) দুপুরে কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শুনানি শেষে শামিমের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।
সাইফুল ইসলাম শামিম কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও দেবিদ্বার পৌর এলাকার নুরুল ইসলামের পুত্র।
জানাযায়, গত বছর ৫ আগস্ট সকালে আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে দেবিদ্বার উপজেলা সদরের নিউ মার্কেট এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এলোপাতাড়ি গুলি চালায়। এতে সাব্বির নামে এক জনের মাথায় গুলি লাগে, ৩৯ দিন পর চিকিৎসাধীন অবস্থায় সাব্বির মারা যান। এঘটনায় গত বছর ৮ সেপ্টেম্বর কুমিল্লা আদালতে মামলা করেন তার মামা নাজমুল হক।
দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন,
সাব্বির হত্যা মামলায় সাবেক ছাত্রলীগ নেতা ও দেবিদ্বার পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম শামীম হাইকোর্ট থেকে ডিরেকশন শেষে স্যারেন্ডার করে জামিন চাইতে কুমিল্লা আদালতে হাজিরা দিলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন।




















