পরিকল্পিত বনায়ন করি—সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর গোর – এ- শহীদ বড় ময়দানে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা -২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে।
গত ২৮ জুলাই সোমবার বিকেল সাড়ে ৫টায় দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. হাবিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মাসুদুল হক এবং বিএডিসি দিনাজপুরের উপ-পরিচালক ড. মো. সুলতানুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোখলেছুর রহমান।
সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ও মেলার সদস্য সচিব মো. আনোয়ার হোসেন সরকার।
বৃক্ষমেলায় অংশগ্রহণকারী স্টলগুলোকে সনদপত্র প্রদান করা হয়। সমাপনীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী স্টলকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।



















