পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নে ঋণ খেলাপির অভিযোগে মামলা দায়ের করায় ব্যাংকে হামলা, ভাঙচুর ও মারপিটের ঘটনায় প্রধান অভিযুক্ত যুবদল নেতা লোকমান হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় ফৈলজানা ইউনিয়নের অভিযুক্তের প্রতিবেশীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার সকালে র্যাবের পক্ষ থেকে দেয়া এক প্রেস রিলিজে এতথ্য জানানো হয়।
গ্রেফতার লোকমান হোসেন ফৈলজানা ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহবায়ক। তবে ঘটনা প্রাথমিক তদন্তে অভিযুক্তের দায় মেলায় গত ১ আগস্ট তাকে বহিষ্কার করে পাবনা জেলা যুবদল।
প্রেস রিলিজে বলা হয়, ২০১৮ সালে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ফৈলজানা শাখা থেকে ৩ লাখ টাকার সিসি ঋণ নেন লোকমান হোসেন। নিয়মানুযায়ী, এ ঋণ প্রতিবছর নবায়ন করতে হয়। কিন্তু গত দুই বছর ধরে তিনি এই ঋণ নবায়ন না করায় ব্যাংক কর্তৃপক্ষ লোকমান হোসেনের নামে গত ২৫ মে অর্থ ঋণ আদালতে একটি মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে ১৫-২০ জনের একটি দল নিয়ে বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে ব্যাংকের ফৈলজানা শাখায় গিয়ে হামলা করে অফিস ও টেবিলের গ্লাস ভাংচুর চালায়। এসময় শাখা ব্যবস্থাপক শামসুজ্জামান নয়ন ও অনান্য কর্মচারীদের মারধরে আহত করা হয়। এঘটনায় ওইদিনই (৩১ জুলাই) ব্যাংকের শাখা ব্যবস্থাপক শামসুজ্জামান নয়ন চাটমোহর থানায় বাদী হয়ে অভিযুক্ত যুবদল নেতা লোকমান হোসেনকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন। এতে লোকমান একমাত্র নামীয় আসামি হলেও অজ্ঞাত কিছু ব্যক্তিকে আসামি করা হয়। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব।
এব্যাপারে পাবনা র্যাবের কোম্পানি কমান্ডার মো. এনামুল হক বলেন, ঘটনার পর থেকে আসামি আত্মগোপনে ছিলো। তবে আসামি তার নিজ বাড়ির পাশের বাড়িতেই আত্মগোপনে রয়েছে বলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রাতেই আসামিকে চাটমোহর থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিএস./



















