রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকাসহ আশপাশে অভিযান ‘ব্লক রেইড’ চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার রাত ৮টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত চলে এ অভিযান।
এর আগে সন্ধ্যা ৭টার পর থেকে ডিএমপির গুলশান বিভাগ, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও রিজার্ভ পুলিশের প্রায় এক হাজার সদস্য কুড়িল বিশ্বরোড এলাকায় জড়ো হন।
ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মোঃ মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে কাউকে আটক করা সম্ভব হয়নি জানিয়ে তিনি বলেন, এটা পুলিশের নিয়মিত অভিযান। এ সময় ভাটারা এলাকায়ও অভিযান চালানো হয়েছে।
এর আগে গত সোমবার বসুন্ধরায় নর্থ সাউথ ইউনিভার্সিটি ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, আইইউবির কাছে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। আর পুলিশ ২২ জনকে আটক করে রিমান্ডে দেয়। উদ্ভুত পরিস্থিতিতে তিনটি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। কিন্তু গতকাল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিশ্ববিদ্যালয়গুলো খোলার নির্দেশ দিয়েছেন।
এর মধ্যে রাত ৮টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও সাঁজোয়া যান এনে রাখা হয়। এরপর শুরু হয় রেইড। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

























