আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সমন্বয়ে জোরদার করা হয়েছে যৌথ টহল ও মহড়া কার্যক্রম। উপজেলার সব ভোটকেন্দ্র ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে গড়ে তোলা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা বলয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা নাশকতার সুযোগ না দিতে ইউনিয়ন ও পৌর এলাকার প্রতিটি ভোটকেন্দ্রকে বিশেষ গুরুত্ব দিয়ে নজরদারিতে রাখা হয়েছে। সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিকভাবে মনিটর করছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।
এরই অংশ হিসেবে গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামাঞ্চলে যৌথ বাহিনীর টহল পরিচালিত হয়। এর আগে উপজেলার সলিমপুর ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে যৌথ বাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর মেজর ফাহিমের নেতৃত্বে টহল দল সীতাকুণ্ড উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু করে পৌরসভা এলাকা ছাড়াও সৈয়দপুর, বারৈয়াঢালা ও মুরাদপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করে। টহলকালে বটতল, মীরেরহাট, শেখেরহাট, মহানগর, বহরপুর, বড়দারোগাহাট, বারৈয়াঢালা, টেরিয়াইল, পন্থিছিলা, ফকিরহাট ও বাংলাবাজার এলাকা ঘুরে দেখা হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী টহল শেষে যৌথবাহিনী ক্যাম্পে ফিরে যায়।
স্থানীয় ভোটার ও সচেতন মহলের মতে, মাঠপর্যায়ে যৌথ বাহিনীর দৃশ্যমান উপস্থিতিতে ভোটের পরিবেশ নিয়ে সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি হয়েছে। তারা আশা প্রকাশ করেন, প্রশাসনের এ কঠোর ও সমন্বিত অবস্থানের ফলে সীতাকুণ্ডে একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
টহল চলাকালে স্থানীয় বাসিন্দারা যৌথ বাহিনীর সদস্যদের স্বাগত জানান। পশ্চিম বাকখালী গ্রামের বাসিন্দা বৃদ্ধ শফিউল আলম বলেন, যৌথ বাহিনীর টহল দেখে স্বস্তি পেয়েছি। মনে হচ্ছে বহুদিন পর এবার শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারব।
টহল কার্যক্রম প্রসঙ্গে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম বলেন, ভোটাররা যেন কোনো ধরনের ভয়ভীতি, চাপ বা প্রতিবন্ধকতা ছাড়াই নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।
তিনি আরও জানান, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অনিয়ম, সহিংসতা বা নাশকতার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নির্বাচনকালীন সময়জুড়ে যৌথ টহল কার্যক্রম অব্যাহত থাকবে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আলমগীর বলেন, সৈয়দপুর, বারৈয়াঢালা ও মুরাদপুর ইউনিয়নসহ সীতাকুণ্ড পৌরসভার বিভিন্ন ভোটকেন্দ্র ও গুরুত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ পেট্রোলিং কার্যক্রম চালু রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।
ডিএস../




















