পটুয়াখালী জেলার দুমকি উপজেলাধীন ৫নং শ্রীরামপুর ইউনিয়নের পীরতলা বাজারের দ্বিতীয় গলিতে অবস্থিত ভুইয়া এন্টারপ্রাইজ নামে একটি মোবাইলের দোকানে গভীর রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে উপজেলার পিরতলা বাজারে এ চুরির ঘটনা ঘটে। এসময়ে চোর দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করে
মোবাইল ফোন, ঘড়ি এবং অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে যায়।
দোকানের কর্মচারী মোঃ কামরুল জানান, ” “প্রতিদিনের ন্যায় আমি সকালে দোকান খোলার সময় দেখি দোকানে তালা নেই। ভিতরে প্রবেশ করলে তাকে সাজিয়ে রাখা অধিক মূল্যের মোবাইল এবং কিছু দামী ঘড়ি নেই। আমি আতঙ্কিত হয়ে সঙ্গে সঙ্গে আমার দোকানের মালিককে জানাই।”
দোকানের মালিক মোঃ মাসুদ ভূইয়া জানান, “আমি সকালে ফোন পেয়ে দোকানে এসে দেখি স্মার্টফোন এবং মূল্যবান ব্যান্ডেড ঘড়ি সব চুরি হয়ে গেছে। এমনকি রাতে আমার ব্যবহৃত মোবাইল চার্জে রেখে গিয়েছি সেটাও চুরি হয়েছে।”
স্থানীয় সূত্রে জানা যায়, বাজারে তিনজন নাইট গার্ড দায়িত্বে থাকা সত্ত্বেও এ ধরনের চুরির ঘটনা ঘটায় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দিন জানান, “আমরা সকালে খবর পাওয়া মাত্র ওখানে গিয়েছি। সিসি ক্যামেরা থেকে শুরু করে বিভিন্ন ভাবে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করবো। এখনো পর্যন্ত মামলা এজাহার হয়নি এজাহার পাওয়ার পরে মামলা রুজু করে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।”
ডিএস./



















