চট্টগ্রামে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম ওয়াসা। প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে সংস্থাটি।
শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৪টায় নগরীর বেবি সুপার এলাকায় হাসমিকেল মোড় সংলগ্ন পূর্ব নাসিরাবাদ আব্দুল জলিল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণসামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম।
এসময় তিনি বলেন, “চট্টগ্রাম ওয়াসা শুধু নিরাপদ পানি সরবরাহকারী একটি প্রতিষ্ঠান নয়, মানুষের সংকটে পাশে দাঁড়ানোও আমাদের সামাজিক দায়িত্ব। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে এই ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় সরকার, বিভিন্ন প্রতিষ্ঠান এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগই সবচেয়ে বড় শক্তি।”
তিনি আরও বলেন, বন্যা পরিস্থিতিতে বিশুদ্ধ ও নিরাপদ পানির গুরুত্ব অনেক বেশি। এ কারণে চট্টগ্রাম ওয়াসা ক্ষতিগ্রস্ত এলাকায় নিরাপদ সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি সমাজের বিত্তবান ব্যক্তি, ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোর প্রতি মানবিক দায়িত্ববোধ থেকে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ নুরুল আমিন, মুহাম্মদ মাহবুবুল আলম, মো. নজরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ রেজাউল আহসান চৌধুরী, সৌমিত পাল, আবদুল্লাহ মোহাম্মদ সাকের, মুহাম্মদ শাহাবুদ্দিন, এ এস এম আতিয়ার রহমান, রিচার্ড নেলসন পিনারু, রুমেন সেন, সাইফুল ইসলাম, মো. ওমর ফারুক, সহকারী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আবু বক্কর সিদ্দিকসহ ওয়াসার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
স্থানীয় ব্যক্তিবর্গের মধ্যে শায়েস্থা উল্লাহ চৌধুরী, জমির উদ্দিন নাহিদ, আব্দুল হাই, জহিরুল ইসলাম জহির, সাজ্জাদ হোসেন খান, জিন্নাতুন নেছা জিনিয়া, কামরুল হাসান আকাশ, সায়মা হক, জাভেদ ওমর, নুরুল কবির পলাশ, মো. হাসান আলী, নুরুল ইসলাম বিপ্লব, হোসনে আরা ও মো. জুয়েলসহ অনেকে উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণ শেষে বন্যাদুর্গত পরিবারগুলো চট্টগ্রাম ওয়াসার এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগকালে সরকারি প্রতিষ্ঠানের এমন জনকল্যাণমূলক উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করে এবং সামাজিক সংহতি আরও সুদৃঢ় করে।
ডিএস./



















