জলবায়ু পরিবর্তন, পরিবেশগত ক্ষতি ও পরিবেশগত মানবাধিকার লঙ্ঘন বিষয়ে গণমাধ্যমকর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং অনুসন্ধানী প্রতিবেদন তৈরির সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে নওগাঁয় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ্ বাংলাদেশ-এর অর্থায়নে ডাসকো ফাউন্ডেশন বাস্তবায়িত ‘এনগেজ’ প্রকল্পের আওতায় আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালা ২৬ জুলাই ২০২৬ তারিখে শুরু হয়ে সোমবার সমাপ্ত হয়। নওগাঁ শহরের একটি রেস্তোরাঁ ও কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত প্রশিক্ষণে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের ২০ জন সংবাদকর্মী এবং ৫ জন কনটেন্ট ক্রিয়েটর অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের উদ্বোধনী ও বিভিন্ন কারিগরি সেশনে নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আবুজার, নেটজ্ বাংলাদেশ-এর প্রোগ্রাম ম্যানেজার সারা খাতুন, টেকনিক্যাল কো-অর্ডিনেটর মনিরুজ্জামান এবং ডাসকো ফাউন্ডেশনের প্রকল্প কো-অর্ডিনেটর রুহুল আমিন প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।
দুই দিনের প্রশিক্ষণে পরিবেশ ও মানবাধিকারের আন্তঃসম্পর্ক, পরিবেশগত মানবাধিকার, জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশগত ক্ষতি ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা চিহ্নিতকরণ, তথ্য-উপাত্ত সংগ্রহ, অনুসন্ধানী প্রতিবেদন তৈরি, পরিবেশ সাংবাদিকতার আধুনিক কৌশল এবং সাংবাদিকতা পেশার আইন ও নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষকরা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলের মতো নওগাঁও নানা পরিবেশগত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। বায়ুদূষণ, ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস, কৃষিজমির পরিবেশগত ঝুঁকি, অবৈধ ইটভাটা এবং প্রাকৃতিক সম্পদের অপব্যবহার স্থানীয় জনগণের জীবন ও জীবিকায় নেতিবাচক প্রভাব ফেলছে। এসব বিষয়ে তথ্যনির্ভর ও দায়িত্বশীল সাংবাদিকতা জনসচেতনতা বৃদ্ধি এবং নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।
সেশনে অংশগ্রহণকারীদের পরিবেশগত সমস্যা অনুসন্ধানে তথ্য অধিকার আইন ব্যবহারের কৌশল, মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ, ভুক্তভোগীদের বক্তব্য গ্রহণ, তথ্য যাচাই-বাছাই এবং মানবাধিকারভিত্তিক প্রতিবেদনের কাঠামো সম্পর্কেও ধারণা দেওয়া হয়। পাশাপাশি জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের সম্পর্ক তুলে ধরে বাস্তব উদাহরণের মাধ্যমে প্রতিবেদন তৈরির বিভিন্ন দিক ব্যাখ্যা করা হয়।
প্রশিক্ষণে নওগাঁ জেলার বিদ্যমান পরিবেশগত সমস্যা, সম্ভাব্য সমাধান এবং এসব বিষয়ে গণমাধ্যমের ভূমিকা নিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী সংবাদকর্মীরা পরিবেশ ও মানবাধিকার বিষয়ে আরও গভীর অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশের আগ্রহ প্রকাশ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় ডাসকো ফাউন্ডেশনের টেকনিক্যাল অফিসার তামান্না জেবিন এবং এরিয়া অফিসার মো. তুহিন ইসলাম কো-ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
আয়োজকরা জানান, পরিবেশগত ন্যায়বিচার প্রতিষ্ঠা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশগত মানবাধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা আরও শক্তিশালী করার লক্ষ্যেই এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সাংবাদিক ও কনটেন্ট নির্মাতাদের দক্ষতা বৃদ্ধিতে অনুরূপ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ডিএস./




















