মাননীয় রেলপথ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ প্রতিমন্ত্রী জনাব হাবিবুর রশিদ হাবিব, এমপি কক্সবাজার রেলওয়ে স্টেশনে আকস্মিক (ঝটিকা) পরিদর্শন করেছেন।
শনিবার (১ আগস্ট) তিনি স্টেশনে উপস্থিত হয়ে যাত্রীসেবা, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও সার্বিক পরিচালনাগত কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী স্টেশনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সেখানে আগত যাত্রীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা ও সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি স্টেশনের সার্বিক পরিবেশ, যাত্রীদের চলাচল, নিরাপত্তাব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং রেলওয়ের বিভিন্ন সেবামূলক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরে সংশ্লিষ্ট রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে তিনি স্টেশনের বর্তমান কার্যক্রম ও পরিচালনাগত বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন। যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
প্রতিমন্ত্রী যাত্রীসেবার মান আরও উন্নত করার পাশাপাশি স্টেশনের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে রেলওয়ে স্টেশনে আগত যাত্রীদের যেন কোনো ধরনের ভোগান্তির শিকার হতে না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
এ সময় কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের বর্তমান সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) মো. সুবক্তগীন, জোনাল স্পোর্টস কাউন্সিলের সভাপতি ও সিওপিএস (পূর্ব) মো. সফিকুর রহমান, চিফ কমার্শিয়াল ম্যানেজার (পূর্ব) সুজিত কুমার বিশ্বাস, প্রধান প্রকৌশলী (পূর্ব) মো. তানভীরুল ইসলাম, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (চট্টগ্রাম) মোস্তাফিজুর রহমান ভূঁইয়াসহ পূর্বাঞ্চলের বিভিন্ন বিভাগীয় প্রধান এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
রেলওয়ে সংশ্লিষ্টরা জানান, কক্সবাজার রেলওয়ে স্টেশনের সার্বিক কার্যক্রম আরও কার্যকর ও যাত্রীবান্ধব করতে কর্তৃপক্ষ নিয়মিতভাবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। প্রতিমন্ত্রীর এ আকস্মিক পরিদর্শনের মাধ্যমে স্টেশনের বিদ্যমান সেবাব্যবস্থা ও পরিচালনাগত কার্যক্রম সরেজমিনে পর্যালোচনা করা হয়েছে।
ডিএস./


















