‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্য সামনে রেখে ফরিদপুরে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। তিনি ফিতা কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মেলার কার্যক্রমের সূচনা করেন।
জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল জান্নাত রাবেয়া, বিভাগীয় বন কর্মকর্তা তরিকুল ইসলাম, রেঞ্জ কর্মকর্তা তাওহীদ হোসেন, মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, শহর বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রঞ্জন চৌধুরীসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই। গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যথাযথ পরিচর্যার প্রতিও গুরুত্বারোপ করেন তাঁরা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। পরে তাঁরা মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
আয়োজকেরা জানান, বৃক্ষমেলার মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানোই এ আয়োজনের মূল লক্ষ্য। একই সঙ্গে দেশের পরিবেশ রক্ষায় সব শ্রেণি-পেশার মানুষকে বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।
ডিএস./



















