সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক শিক্ষার্থীর ভিডিও সাক্ষাৎকারের সূত্র ধরে নওগাঁ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে শিক্ষার্থীর টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় জড়িত অপর সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও সাক্ষাৎকারে নওগাঁ সরকারি কলেজের এক শিক্ষার্থী অভিযোগ করেন, জেলা পরিষদ পার্ক এলাকায় তার কাছ থেকে ছিনতাইকারীরা নগদ টাকা ছিনিয়ে নিয়েছে। বিষয়টি নওগাঁর পুলিশ সুপার মো. তারিকুল ইসলামের নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে জেলা গোয়েন্দা শাখাকে (ডিবি) ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে ঘটনার সত্যতা যাচাই, মামলা গ্রহণ এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের নির্দেশনা দেন।
তদন্তে জানা যায়, গত ৩০ জুলাই ২০২৬ তারিখ বিকেল প্রায় ৫টার দিকে ভুক্তভোগী রবিউল ইসলাম (২০), পিতা আব্দুল করিম, গ্রাম বিষ্ণুপুর, থানা মান্দা, জেলা নওগাঁ এবং তার বন্ধু তানভীর জেলা পরিষদ পার্কে ঘুরতে যান। এ সময় ২-৩ জন ছিনতাইকারী তাদের ভয়ভীতি দেখিয়ে পকেট থেকে মানিব্যাগ নিয়ে নগদ টাকা ছিনিয়ে নেয়। ভুক্তভোগী দুই শিক্ষার্থী নওগাঁ সদর উপজেলার ডিগ্রি মোড় এলাকার একটি ছাত্রাবাসে থেকে পড়াশোনা করেন।
ঘটনার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও ভুক্তভোগীরা প্রথমে থানায় কোনো অভিযোগ দায়ের করেননি। পরে পুলিশ সুপার সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ভুক্তভোগীকে আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন এবং জেলা গোয়েন্দা শাখাকে ঘটনার রহস্য উদঘাটনের নির্দেশনা দেন।
পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনাস্থলের বিভিন্ন তথ্য বিশ্লেষণ, সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ এবং নিবিড় তদন্তের ভিত্তিতে মো. আব্দুল আহাদ (২০), পিতা মো. আবুল কালাম আজাদ, গ্রাম চকদেব (মাস্টারপাড়া), থানা ও জেলা নওগাঁ সদরকে গ্রেপ্তার করা হয়। পরে ভুক্তভোগীরা তাকে ছিনতাইয়ের ঘটনায় জড়িত ব্যক্তি হিসেবে শনাক্ত করেন।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তার হওয়া আব্দুল আহাদের বিরুদ্ধে একই ধরনের আরও তিনটি মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, ছিনতাই, চুরি ও অন্যান্য অপরাধ দমনে তারা কঠোর অবস্থানে রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
ডিএস./



















