বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চরপাড়া এলাকায় মাটিরাঙ্গা জোনের সার্বিক সহযোগিতায় প্রায় দুই শতাধিক পাহাড়ী-বাঙালি অসহায় ও দুস্থ নারী-পুরুষের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। পাশাপাশি মানবিক সহায়তার অংশ হিসেবে কর্মহীন ও পিছিয়ে পড়া চৌধুরী ঘাট, ওয়াসু এলাকার পাহাড়ী-বাঙালি অর্ধশতাধিক নারী-পুরুষ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন ডা. নুরে রেজওয়ান তৌফিক রিজভী। তিনি রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেন এবং বিভিন্ন রোগের জন্য প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন।
খাদ্যসামগ্রী পাওয়া চরপাড়ার বাসিন্দা আছিয়া বেগম বলেন, “বর্তমান সময়ে সংসার চালানো অনেক কষ্টের। সেনাবাহিনীর দেওয়া খাদ্যসামগ্রী আমাদের পরিবারের জন্য অনেক উপকারে আসবে। আমরা তাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”
বিনামূল্যে চিকিৎসাসেবা নিতে আসা মো. সালাম বলেন, “ডাক্তার দেখানো ও ওষুধ কেনার সামর্থ্য অনেকেরই থাকে না। আজ সেনাবাহিনীর চিকিৎসক আমাদের পরীক্ষা করেছেন এবং বিনামূল্যে ওষুধ দিয়েছেন। এতে আমরা অনেক উপকৃত হয়েছি।”
স্থানীয়রা জানান, পার্বত্য অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগ প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের চিকিৎসাসেবা ও সহায়তা কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
মানবিক সহায়তা কর্মসূচিতে মাটিরাঙ্গা জোনের সামরিক কর্মকর্তা, সেনাসদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খাঁন, পিএসসি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় নয়, মানবিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও সবসময় মানুষের পাশে রয়েছে। পার্বত্যাঞ্চলের সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসহায় মানুষের কষ্ট লাঘবে মাটিরাঙ্গা জোন নিয়মিতভাবে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
ডিএস./



















