গাজীপুর মহানগরীর জয়দেবপুর রেলক্রসিং এলাকার দীর্ঘদিনের তীব্র যানজট ও জনদুর্ভোগ স্থায়ীভাবে নিরসনের লক্ষ্যে বহুল প্রতীক্ষিত শিববাড়ি মোড় (বিআরটিএ স্টেশন) থেকে রথখোলা মাঠ পর্যন্ত একটি ওভারপাস নির্মাণ প্রকল্প গ্রহণ করেছে গাজীপুর সিটি করপোরেশন। প্রায় ৩১৭ কোটি টাকা ব্যয়ে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এই প্রকল্পটির টেন্ডার আগামী ৭ আগস্ট ২০২৬ তারিখে আহ্বান করা হবে। প্রকল্পটির বাস্তবায়ন সম্পন্ন হলে জয়দেবপুর রেলক্রসিং এলাকার যানজট উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং নগরবাসী একটি নিরাপদ, আধুনিক ও নির্বিঘ্ন যোগাযোগ ব্যবস্থা উপভোগ করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন গাজীপুর সিটি করপোরেশনের মাননীয় প্রশাসক মো. শওকত হোসেন সরকার।
সোমবার সকালে নগরীর যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতি নিশ্চিত করতে গাজীপুর সিটি করপোরেশনের চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শনে গিয়ে প্রশাসক শওকত হোসেন সরকার একথা জানান। এসময় তিনি শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পূবাইল কলের বাজার পর্যন্ত নির্মাণাধীন ৬০ ফুট প্রশস্ত গুরুত্বপূর্ণ সড়কটির উন্নয়ন কাজের অগ্রগতি ঘুরে দেখেন। পরিদর্শনকালে কাজের সঠিক গুণগত মান বজায় রাখা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সফলভাবে শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ও কঠোর দিকনির্দেশনা প্রদান করেন তিনি। এসময় গাজীপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী লেহাজ উদ্দিন, নির্বাহী প্রকৌশলী শামসুর রহমান’সহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা প্রকৌশলী এবং স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একইদিন সকালে ছোট দেওরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ছোট দেওরা অগ্রণী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা তুলে দেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। পরিবেশের ভারসাম্য রক্ষা, শহুরে সবুজায়ন বৃদ্ধি এবং কচি শিক্ষার্থীদের মাঝে ছোটবেলা থেকেই বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উন্নয়নমূলক কর্মকাণ্ড ও অবকাঠামোগত অগ্রগতির পাশাপাশি পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ গাজীপুর গড়ে তোলার প্রত্যয়কে সামনে রেখে সিটি করপোরেশনের এমন জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব উদ্যোগ স্থানীয় সুধীসমাজ ও শিক্ষাজগতে ব্যাপক প্রশংসিত হয়েছে। বিশেষ করে জয়দেবপুর রেল ক্রসিংয়ে দীর্ঘদিনের তীব্র যানজট নিরসনে নগরবাসীর বহুল কাঙ্ক্ষিত ওভারপাস নির্মাণের উদ্যোগ দ্রুত গ্রহণ করায় প্রধানমন্ত্রী ও প্রশাসক নগরবাসীর কাছে ব্যাপক প্রশংসিত হচ্ছেন।
ডিএস./




















