বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে খাগড়াছড়ির মাটিরাঙ্গা জোনের আওতায় বুদংপাড়া এলাকায় অসহায় দুঃস্থ পাহাড়ী-বাঙালি মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা জোনের আওতায় বুদংপাড়া এলাকায় মাটিরাঙ্গা জোনের সার্বিক সহযোগিতায় প্রায় ১৩০ জন পাহাড়ী-বাঙালি অসহায় ও দুস্থ নারী-পুরুষের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।
বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন ডা. নুরে রেজওয়ান তৌফিক রিজভী। তিনি রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেন এবং বিভিন্ন রোগের জন্য প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন।
বিনামূল্যে চিকিৎসাসেবা নিতে আসা লাব্রে মারমা বলেন, “ডাক্তার দেখানো ও ওষুধ কেনার সামর্থ্য অনেকেরই থাকে না। আজ সেনাবাহিনীর চিকিৎসক আমাদের পরীক্ষা করেছেন এবং বিনামূল্যে ওষুধ দিয়েছেন। এতে আমরা অনেক উপকৃত হয়েছি।”
স্থানীয়রা জানান, পার্বত্য অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগ প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের চিকিৎসাসেবা ও সহায়তা কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খাঁন, পিএসসি বলেন, পার্বত্যাঞ্চলের সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং অসহায় মানুষের কষ্ট লাঘবে মাটিরাঙ্গা জোন নিয়মিতভাবে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
ডিএস./



















