ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার খরমপুরে শাহ্ সৈয়দ আহাম্মদ গেছু দারাজ প্রকাশ্য শাহ্ পীর কল্লাহ্ শহীদ (রহঃ) এর মাজারকে কেন্দ্র করে গত ১০ আগস্ট থেকে শুরু হওয়া ১৬ আগস্ট পর্যন্ত ৭দিন ব্যাপী বার্ষিক ওরশ মোবারকের আজ দ্বিতীয় দিন। ওরশ মোবারক ১৬ আগস্ট পর্যন্ত চলবে। অতীতের ন্যায় এইবারও এই ওরশকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাজারসহ আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী।
ওরশকে কেন্দ্র করে মাজার এলাকার সকল কাজ সহজ ও নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট কতৃপক্ষ মাজার এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় তৈরি করেছে বিশেষ নিরাপত্তা বলয়। এর আগে বার্ষিক ওরশ উপলক্ষে এর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে জেলার পুলিশ সুপার শাহ্ মোঃ আব্দুর রউফ মাজার এলাকা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি ওরশে আগত ভক্ত, দর্শনার্থী ও সাধারণ মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানান।
পরিদর্শনে তিনি মাজার কমিটি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয়ের ব্যাপারে গুরুত্বারোপ করেন এবং এ ব্যাপারে বিশেষ নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান। ৭ দিন ব্যাপী এই ওরশকে কেন্দ্র করে মাজার কেন্দ্রিক দূর দূরান্ত থেকে শুরু করে আশেপাশের বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। তাই এই বিষয়টিকে বিবেচনায় নিয়ে সকল ধরনের যানবাহন চলাচল, মাজার এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তিনি সকল দর্শনার্থীকে আইনশৃঙ্খলা বাহিনীর দেয়া সকল নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। মাজার এলাকা পরিদর্শনকালে তার সাথে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও মাজার কমিটির সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
তারা সবাই সুশৃংখলভাবে সাতদিনব্যাপী ওরস পালনে সকলের সহযোগিতা কামনা করেন ।
ডিএস./



















