চট্টগ্রামের সাতকানিয়ায় ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে মিশ্র চিত্র দেখা গেছে। উপজেলার ৪১টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে পাসের হারে শীর্ষ অবস্থানে রয়েছে বায়তুল ইজ্জত বর্ডার গার্ড পাবলিক স্কুল। প্রতিষ্ঠানটির ৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭২ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২০ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ৯২ দশমিক ৩১ শতাংশ।
উপজেলা পর্যায়ে পাসের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে গাঠিয়াডেঙ্গা আল সফিয়া মমতাজুল হক উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় অবস্থানে রয়েছে ঢেমশা উচ্চ বিদ্যালয়।
সাতকানিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার ৪১টি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৩ হাজার ৪৩৮ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১ হাজার ৯৭৩ জন। জিপিএ-৫ পেয়েছে ১৭৭ জন।
এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ১ হাজার ৬২৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ হাজার ২৩০ জন। কারিগরি বা ভোকেশনাল পরীক্ষায় অংশ নেয় ১৬৪ জন, যার মধ্যে পাস করেছে ১৩১ জন।
তিন ধারার পরীক্ষায় সব মিলিয়ে সাতকানিয়া উপজেলা থেকে পরীক্ষার্থী ছিল ৫ হাজার ২২৯ জন। এর মধ্যে পাস করেছে ৩ হাজার ৩৩৪ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১৭৭ জন।
সাতকানিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আশীষ বরণ দেব জানান, এবারের ফলাফলে বিভিন্ন প্রতিষ্ঠানের ফলাফলে ভিন্নতা রয়েছে। তবে সার্বিক ফলাফল বিশ্লেষণ করে শিক্ষার্থীদের আরও ভালো ফলাফলের জন্য প্রতিষ্ঠানভিত্তিক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলেও বড় ধরনের অবনতি হয়েছে। এ বছর বোর্ডে পাসের হার ৫৯ দশমিক ৪৮ শতাংশ, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। একই সঙ্গে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও।
সাতকানিয়ায় শীর্ষ তিন প্রতিষ্ঠান:
১ম — বায়তুল ইজ্জত বর্ডার গার্ড পাবলিক স্কুল
২য় — গাঠিয়াডেঙ্গা আল সফিয়া মমতাজুল হক উচ্চ বিদ্যালয়
৩য় — ঢেমশা উচ্চ বিদ্যালয়



















