চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ পরিবারের বসতঘর ও একটি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আগুনের তীব্রতার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় দূরপাল্লার যাত্রীদের তীব্র যানজটে পোহাতে হয়েছে চরম দুর্ভোগ।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পৌরসদরের দক্ষিণ বাইপাস এলাকার মডার্ণ হসপিটালের উত্তর পাশে, আমিরাবাদ গ্রামের একটি বসতঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে জাহাঙ্গীরের ব্যবসাপ্রতিষ্ঠান ও রফিকুল ইসলাম, তৌহিদুল ইসলাম, সাত্তার হোসেন, মোহছেনা বেগমের বসতঘরে। কোনোমতে প্রাণ বাঁচিয়ে পরিবারের সদস্যরা ঘর থেকে বের হতে পারলেও ঘরের সব মালামাল ও আসবাবপত্র পুড়ে নিঃশেষ হয়ে যায়।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বেল্লাল হোসেন জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
কুমিরা হাইওয়ে থানার ওসি মোঃ নুরুল আফসার জানান, অগ্নিকাণ্ডের ফলে ঢাকামুখী লেন প্রায় আধা ঘণ্টা বন্ধ থাকায় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল। এতে দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। পরে হাইওয়ে পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক করা হয়।
আগুনে ক্ষতিগ্রস্ত নিঃস্ব পরিবারগুলোর জন্য দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ডিএস./



















