বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে জয়পুরহাটে অসহায় ও অসুস্থ ১৫টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।
জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান এর সভাপতিত্বে বুধবার বেলা ১১ টায় এ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মো: ফজলুর রহমান সাঈদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো: ফজলুর রহমান সাঈদ বলেন, অসহায়, দরিদ্র ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, অসুস্থতা কিংবা আর্থিক সংকটের কারণে কোনো পরিবার যেন অসহায় হয়ে না পড়ে, সে জন্য সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি চলমান রয়েছে। এসব সহায়তা প্রকৃত অসহায় মানুষের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করতে হবে।
আর্থিক সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলোর সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তারা বলেন, সংকটের সময়ে এই অর্থ তাদের চিকিৎসা ও পারিবারিক প্রয়োজন মেটাতে কিছুটা হলেও সহায়তা করবে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজকল্যাণ পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ডিএস./



















